২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিবন্ধন বাতিলের দাবি

বিতর্কিত সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর মদদপুষ্ট ওই সংগঠনের সম্মেলনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনারও বিচার দাবি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর মদদপুষ্ট ওই সংগঠনের সম্মেলনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনারও বিচার দাবি করা হয়। গত ১১ জুলাই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর মদদে গড়ে ওঠা 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ'র সম্মেলনস্থলে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে কথা বলায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমানকে লাঞ্ছিত করে জামায়াত-শিবির কর্মীরা। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, "জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিবন্ধন বাতিল করতে হবে। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আমানকে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।" মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত সমর্থিত কথিত মুক্তিযোদ্ধাদের সংগঠনের নিবন্ধন পাওয়ায় ঘটনায় বিস্ময় প্রকাশ করে মুক্তিযুদ্ধে 'এস ফোর্স'র অধিনায়ক সফিউল্লাহ বলেন, "মুক্তিযুদ্ধবিরোধীদের 'মুক্তিযোদ্ধা' সংগঠন নিবন্ধন পায় কীভাবে?" সাবেক এই সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, "মুক্তিযোদ্ধা আমানকে লাঞ্ছনাকারীরা চিহ্নিত; তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে। তা না হলে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে।" স্থানীয় ও জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধী ও যুদ্ধাপরাধীদের নির্বাচিত না করার আহ্বান জানিয়ে কেএম সফিউল্লাহ বলেন, "মুক্তিযুদ্ধবিরোধী ও যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত প্রার্থীদের সব ধরনের নির্বাচনে আপনারা কেউ ভোট দেবেন না।" তিনি জানান, আসন্ন সিটি ও পৌর নির্বাচনে এ বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যাবেন। যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার সুবিধার্থে মুক্তিযুদ্ধের সময় বন্দি ১১ হাজার দালালের নাম প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানান সফিউল্লাহ। বর্তমান সরকারের সময়ে কোনও ঘটনা তদন্তের আগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে সেক্টর কমান্ডার মীর শওকত আলী বলেন, "মুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারী তিন জন চিহ্নিত হয়েছে। এখন তাদের গ্রেপ্তার করে বিচার করুন।" যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত- সরকারের শীর্ষ পর্যায় থেকে এ বক্তব্য আসার পরও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরুর কোনও উদ্যোগ না থাকার সমালোচনা করেন মীর শওকত । তিনি বলেন, "সেক্টর কমান্ডারস ফোরাম এ বিষয়ে সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু বর্তমান সরকারের নীতি কী, তা জনগণ বুঝতে পারছে না। তা হলে আমরা সহযোগিতা করব কীভাবে?" সেক্টর কমান্ডার সি আর দত্ত বলেন, "আগামীতে যে দল কিংবা সংগঠন যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করবে, তাদের বিরুদ্ধে প্রচারণা চালাবে ফোরাম।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, ফোরামের সংগঠক জামিল ডি আহসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জিএনএ/১৬৩০ ঘ.