২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএস দ্রব্যমূল্য কমায় না: খাদ্য উপদেষ্টা

ওএমএস কর্মসূচি দ্রব্যমূল্য কমাতে সহায়তা করে না মন্তব্য করে খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী বৃহস্পতিবার বলেছেন, 'গরিব মানুষের জন্য সহায়ক বলে' সরকার আবারও ওএমএস চালুর প্রক্রিয়া শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওএমএস কর্মসূচি দ্রব্যমূল্য কমাতে সহায়তা করে না মন্তব্য করে খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী বৃহস্পতিবার বলেছেন, 'গরিব মানুষের জন্য সহায়ক বলে' সরকার আবারও ওএমএস চালুর প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সের সঙ্গে এক বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ প্রেক্ষাপটে সরকার আবারও ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) চালু করবে কি না- জানতে হাইলে শওকত আলী সাংবাদিকদের বলেন, "ওএমএস চালু হলেও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে না। তবে এ কর্মসূচি গরিব মানুষের জন্য সহায়ক। তাই সরকার আবার ওএমএস চালুর প্রক্রিয়া শুরু করেছে।" তিনি বলেন, "সবার সঙ্গে আলোচনা করেই ওএমএস চালু করা হবে। গতবারের মতো এবারও একই পরিমাণ খাদ্যসামগ্রী ওএমএস এর মাধ্যমে বিক্রি করা হবে।" উপদেষ্টা জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে আমদানি প্রক্রিয়া শুরু করেছে। গমের দুটি চালান এরই মধ্যে দেশে এসেছে। এছাড়া বেসরকারি পর্যায়ে আমদানি ও সরবরাহ শুরু হলে বাজারে এর প্রভাব পড়বে।" খাদ্য মজুদ সম্পর্কে আশ্বস্ত করে তিনি বলেন, "গত বছরের তুলনায় এবার প্রায় ৪ লাখ টন চাল বেশি মজুদ রয়েছে।" ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স সাংবাদিকদের বলেন, "খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ুর পরিবর্তনজনিত বিপর্যয় রোধ করা বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। এ কারণে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।" জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব কি না- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, "আশা করছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। সরকার বিষয়টি দেখছে। মানুষ যাতে নিরাপদে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে, সরকার বিষয়টি নিশ্চিত করবে।" তিনি বলেন, "আমরা সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে সরকারকে সহায়তা করব। দুর্নীতিও এক ধরনের সন্ত্রাস। এর বিরুদ্ধেও সহায়তা অব্যাহত থাকবে। তবে তা হতে হবে আইনি পন্থায়। আদালত ও বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে ব্যবস্থাও নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এমএইচবি/২০৩৪ ঘ.