ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটিং সেকশনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
দুদকের উপ পরিচালক মো. আবু সাঈদ সন্ধ্যা পৌনে ছয়টায় এই অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৩ এপ্রিল রমনা থানায় আবু সাঈদ নিজেই বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। অভিযোগপত্রে ৩১ জনকে রাষ্ট্রপক্ষে স্বাক্ষী করা হয়েছে।
মামলার এজাহার এবং অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের ৯ জানুয়ারি কারাগারে থাকা কোকো জেল সুপারের মাধ্যমে সম্পদের যে হিসাব বিবরণী দাখিল করেন তাতে তার নিজের এবং স্ত্রী শর্মিলা তাবাস্সুম এবং দুই মেয়ের নামে ৮ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৪৮১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, কোকো তার দাখিল করা সম্পদ বিবরণীতে ১১ লাখ ২০ হাজার ১৪৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২ কোটি ২৩ লাখ ১৮ হাজার ২৪৫ টাকার সম্পদ অর্জন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসকে/১৮১৬ঘ.
bdnews24