২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইড্রোজেন জ্বালানিতে গাড়ি চালিয়ে দেখালেন চট্টগ্রামের যুবক

আগামী দিনের প্রযুক্তি হাইড্রোজেন জ্বালানি দিয়ে গাড়ি চালিয়ে দেখালেন চট্টগ্রামের এক যুবক। এজন্য মূল উপাদান পানি। তবে ইঞ্জিন চালু করতে লাগবে সামান্য পরিমাণ জ্বালানি তেল। এতে সাশ্রয় হবে অন্তত ৮০ শতাংশ জ্বালানি খরচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দিনের প্রযুক্তি হাইড্রোজেন জ্বালানি দিয়ে গাড়ি চালিয়ে দেখালেন চট্টগ্রামের এক যুবক। এজন্য মূল উপাদান পানি। তবে ইঞ্জিন চালু করতে লাগবে সামান্য পরিমাণ জ্বালানি তেল। এতে সাশ্রয় হবে অন্তত ৮০ শতাংশ জ্বালানি খরচ। পানি দিয়ে যানবাহন চালানোর এই কৃতিত্ব চট্টগ্রামের রাউজান উপজেলার জয়নাল আবেদীনের। তিনি এর নাম দিয়েছেন 'কমপ্রেস্ড ওয়াটার' প্রযুক্তি। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জয়নাল আবেদীন তার প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। তেলের পরিবর্তে এই 'কমপ্রেস্ড ওয়াটার' প্রযুক্তি ব্যবহার করে যে কোন দূরত্বে চলাচলকারী ইঞ্জিন চালিত যান চালানো যাবে বলে দাবি করেন তিনি। এ সময় তিনি 'কমপ্রেস্ড ওয়াটার' প্রযুক্তি ব্যবহার করে একটি জাপানি সুজুকি ব্র্যান্ডের গাড়ি চালিয়েও দেখান। হাইড্রোজেনচালিত গাড়ির ক্ষেত্রে পানি থেকে হাইড্রোজেন পৃথক করে জ্বালানিতে রূপান্তর করা হয়। এরই নিজস্ব ধরণের কৌশল উদ্ভাবন করেছেন জয়নাল। তিনি বলেন, "সামান্য তেলে গাড়ির ইঞ্জিন চালু হওয়ার সঙ্গে সঙ্গে পানি থেকে অক্সিজেন আলাদা হয়ে যাবে। পানির অন্য উপাদান- হাইড্রোজেন তখন জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।" জয়নাল দাবি করেন, ইঞ্জিন চালুর সময় এক লিটার পানির সঙ্গে এক লিটার তেল দেওয়া হলে ওই তেলের মাত্র ৫ শতাংশ খরচ হবে। প্রাথমিকভাবে মাত্র সাত হাজার টাকায় যে কোন ইঞ্জিনচালিত গাড়িকে এ প্রযুক্তিতে রূপান্তর সম্ভব বলে তিনি দাবি করেন। ৩৩ বছর বয়সী জয়নাল বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। চার বছর ধরে রাউজানে জেবি ইঞ্জিনিয়ারিং নামে লোহার আসবাব তৈরির একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। জয়নাল জানান, গাড়ির প্রতি আগ্রহ থেকেই তিনি বিকল্প জ্বালানি নিয়ে চিন্তা ভাবনা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/এসকে/২২১৩ ঘ.