ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, উন্নত দেশগুলোর উচিত জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য নিঃশর্ত 'অভিযোজন তহবিল' বরাদ্দ দেওয়া।
এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্যও উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার হোটেল শেরাটনে প্রথমবারের মতো আয়োজিত 'জলবায়ুর পরিবর্তন বিষয়ক সার্ক মন্ত্রিপর্যায়ের বৈঠক' এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, "ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে নিঃশর্তভাবে প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া উচিত শিল্পোন্নত দেশগুলোর।"
এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিয়ে আনার জন্যও উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার মাধ্যমে টেকসই উন্নয়ন ও অভিযোজন নিশ্চিত করতে এ বৈঠকের মাধ্যমে একটি সনদ চূড়ান্ত করা হবে। এর আগে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা মঙ্গলবার ও বুধবার এই সনদের একটি খসড়া তৈরি করেন।
ফখরুদ্দীন আহমদ বলেন, "জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজনীয় বরাদ্দের জন্য সার্ক দেশগুলোকে উন্নত বিশ্বের প্রতি সম্মিলিতভাবে দাবি জানাতে হবে। আর গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনতে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ ও প্রযুক্তি বরাদ্দের জন্য নিঃশর্ত প্রতিশ্র"তি দিতে হবে তাদের (উন্নত বিশ্ব)। জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের হাত থেকে আমাদের (উন্নয়নশীল বিশ্ব) রক্ষার জন্য এটা অপরিহার্য।"
সার্কের মহাসচিব শীল কান্ত শর্মা বলেন, "সার্ক বিশ্বাস করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উন্নত বিশ্বের গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনা নিশ্চিত করতে হবে।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "জলবায়ুর পরিবর্তন বিশ্বের বড় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের ওপর প্রভাব ফেলবে। মানব ইতিহাসে এটা হবে বড় ধরনের এক বিপর্যয় যা দ্বিতীয় মহাযুদ্ধের বিপর্যয়ের চেয়েও ব্যাপক হতে পারে। আমরা অবশ্যই বসে থেকে এটা ঘটতে দিতে পারি না।"
পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে বৈঠকে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
বাংলাদেশের প্রস্তাব অনুসারে এ বৈঠকের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ ও মালদ্বীপসহ অনেক দেশের স্থলভাগ সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে।
পরিবর্তন মোকাবেলায় একটি কর্মপদ্ধতি চূড়ান্ত করতে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীরা এ বৈঠক করছেন। গত বালি সম্মেলনে প্রতিশ্র"তি অনুযায়ী উন্নত বিশ্বের গ্রিনহউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনা নিশ্চিত করার বিষয়টি এতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24