২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে সরকার

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে সরকার। বুধবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে সরকার। বুধবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় যোগাযোগ মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবে সরকার। মঙ্গলবার দুপুরে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, আইন উপদেষ্টা হাসান আরিফ ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সংলাপের বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "তেলের দাম বাড়লে বাস ভাড়া বাড়বে এটা স্বাভাবিক। তবে সেটা যেন হিসাব অনুযায়ী অংক কষে যৌক্তিকভাবে হয় সেজন্য মন্ত্রণালয় বিকেলে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসবে। আগামীকালের (বুধবার) মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" উপদেষ্টা বলেন, যে সব গাড়ি এখনই বেশি ভাড়া আদায় করছে তা অযৌক্তিক। তাদের শাস্তি দিতে মোবাইল কোর্ট রয়েছে। গতকালও (সোমবার) ৭০০টি মামলা হয়েছে এবং ৫০টি গাড়ি আটক করা হয়েছে। প্রয়োজনে এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোলাম কাদের। এর আগে সকালে যোগাযোগ সচিব ড. মো.মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "জ্বালানী তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত বাসভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।" তিনি জানান, দুই/একদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "যাত্রীদের জন্য সহনীয় হবে এমন অবস্থা রেখে বাস ভাড়া বাড়ানো হবে। একইসঙ্গে জ্বালানী তেলের মূল্য বাড়ার কারণে যাতে পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি না হয় তাও নিশ্চিত করা হবে।" এখন যারা বাসভাড়া বাড়িয়েছে তাদের ব্যাপারে সরকার কঠোর সিদ্ধান্ত নেবে বলে জানান যোগাযোগ সচিব। তবে বাস ভাড়াবৃদ্ধি রোধে কঠোর পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, "মনিটরিং করা যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়টা কিভাবে সমন্বয় করা যায় তা সভা করে নিশ্চিত করা হবে।" মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত বাস ভাড়া নিয়ন্ত্রণে সরকার মোবাইল কোর্ট পরিচালনা করছে, দোষীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী মামলা করছে। তবে এক্ষেত্রে জনবল সংকটসহ বেশ কিছুু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে যোগাযোগ সচিব বলেন, "মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত হাকিম চাওয়া হয়েছে। জনবল সংকট কেটে গেলে সরকার দোষীদের চিহ্নিত করে রুট পারমিট বাতিলসহ লাইসেন্স বাতিল করে দেবে।" এর আগে সিএনজি গ্যাসের দাম বাড়ানোর সময় সরকার বলেছিল রাজধানীর বাসগুলোকে সিএনজিতে রূপান্তর করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে যোগাযোগ সচিব বলেন, তিন মাস সময় এখনও অতিবাহিত হয়নি। তিনমাসের মধ্যে বাসগুলো সিএনজিতে রূপান্তর করা না হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৬০০ ঘ.