পাবনা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার আতাইকুলা থানা এলাকায় সোমবার ভোররাতে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে।
নিহত মোহাম্মদ স্বপন (৩১) ও জহুরুল ইসলাম (৩০) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) নেতা বলে র্যাব দাবি করেছে।
আতাইকুলা থানার স্বরগ্রামে রাত দেড়টার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন র্যাব-১২ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট আহমদ ফয়সল।
তিনি সাংবাদিকদের বলেন, "স্বরগ্রামের দাখেলি মাদ্রসার পেছনে চরমপন্থী স্বপন বাহিনীর সদস্যদের বৈঠকের খবর পেয়ে র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের একটি দল রাত ১টার দিকে সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।"
আধা ঘণ্টা গোলাগুলি শেষে চরমপন্থীরা পালিয়ে যাওয়ার পর স্বপন ও জহুরুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা আহমেদ ফয়সল জানান।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি পয়েন্ট থ্রিটু বোরের বিদেশি রিভলবার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করেছে।
র্যাব জানায়, স্ব^পনের বিরুদ্ধে পাবনার আতাইকুলা, সাঁথিয়া ও সুজানগর থানায় ৭টি হত্যাসহ ৯টি এবং জহুরুলের বিরুদ্ধে ৫টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
স্বপনের বাড়ি আতাইকুলা থানার স্বরগ্রামে; জহুরুলের বাড়ি একইথানার বাউকোলা গ্রামে।
র্যাব বলছে, স্বপন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) জেলা কমান্ডার এবং জহুরুল জেলার সেকেন্ড ইন কমান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১২৫৪ ঘ.
bdnews24