ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসিতে ভালো ফল করেও অনেক শিক্ষার্থী ভাল কলেজে ভর্তি হতে পারবে না। এমনকি জিপিএ- ৫ পাওয়া অনেকও আসন স্বল্পতার কারণে কাক্সিক্ষত কলেজে ভর্তির সুযোগ পাবে না।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে নয় বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ৫২ হাজার ৫০০ শিক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্তদের সংখ্যা ৪১ হাজার ৯১৭।
রাজধানীতে ভালো কলেজে আসন সংখ্যা প্রায় ১০ হাজার। দেশের অন্যান্য অঞ্চলে নামী কলেজে আসন সংখ্যা সবমিলিয়ে কয়েক হাজার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) কর্মকর্তারা। এ কারণে এসএসসিতে জিপিএ- ৫ পেয়েও অনেকে প্রতিষ্ঠিত ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না।
এবার নয় বোর্ডে সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৫৬৩ শিক্ষার্থী। এর মধ্যে সাত বোর্ডে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৫৭৬।
ব্যানবেইস এর পরিচালক আবদুল্লাহ আহসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে কলেজের সংখ্যা প্রায় ৩১০০। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে কলেজগুলোতে আসনসংখ্যা আটলাখের মতো।
এসব কলেজে একাদশ শ্রেণীতে ৪ লাখ ৭০ হাজারের মতো শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে।
তিনি জানান, আলিমে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ আছে ৭০ হাজারের বেশি ছাত্রের।
আবদুল্লাহ আহসানের দেওয়া তথ্যানুযায়ী কারিগরী বোর্ডের (এইচএসসি বিএম) উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ৭০ থেকে ৮০ হাজারের মতো ভর্তির সুযোগ আাছে।
এর বাইরে পলিটেকনিক্যালগুলোতে রয়েছে আরও কয়েক হাজার আসন।
তার মতে এবারের উত্তীর্ণ ছাত্রদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে খুব একটা সমস্যা হবে না। সমস্যা হবে ভালো কলেজে ভর্তি হতে। ভাল ফল করা শিক্ষার্থীদের অনেকে পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানও বিষয়টি স্বীকার করেছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে। তবে ভাল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে।"
একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা বর্ণনা করে তিনি জানান, এবারো উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই কলেজগুলোকে শিক্ষার্থী ভর্তি করতে হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণের বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২৩৪১ ঘ.
bdnews24