২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার বোঝাই ও খালাসে মাশুল বেড়ে তিনগুণ

চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে পণ্য বোঝাই ও খালাসের (স্টাফিং আন-স্টাফিং) মাশুল বেড়ে তিনগুণের বেশি হয়েছে। কর্তৃপক্ষ সম্প্রতিএলসিএল (লেস দ্যান কন্টেইনার লোড) কন্টেইনারে বোঝাই ও খালাসের মাশুল টন প্রতি ৯২ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করেছে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে পণ্য বোঝাই ও খালাসের (স্টাফিং আন-স্টাফিং) মাশুল বেড়ে তিনগুণের বেশি হয়েছে। কর্তৃপক্ষ সম্প্রতি এলসিএল (লেস দ্যান কন্টেইনার লোড) কন্টেইনারে বোঝাই ও খালাসের মাশুল টন প্রতি ৯২ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করেছে। ঢাকার অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতেও (আইসিডি) এই মাশুল দিতে হবে। ব্যবসায়ীরা এ হারে মাশুল বাড়ানোকে অযৌক্তিক দাবি করে তা কমানোর আহ্বান জানিয়েছেন। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কন্টেইনারে পণ্য বোঝাই ও খালাসে নতুন করে মাশুল নির্ধারণ করে গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তা কার্যকর হয়েছে ১৯ জুন থেকে। বন্দরে বিনা মাশুলে পণ্য থাকার নির্ধারিত সময়ের (ফ্রি টাইম) পর কন্টেইনার রাখার জন্য নির্ধারিত ক্ষতিপূরণ মাশুলও দিন ভেদে কয়েক গুণ বাড়ানো হয়েছে। চারদিন পর্যন্ত কোন পণ্য বন্দরে বিনা মাশুলে থাকার নিয়ম রয়েছে। এ সময়ের পরে আমদানিকারকদের প্রতি কন্টেইনারে দিনপ্রতি অতিরিক্ত ভাড়া দিতে হয়। বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্রি টাইমের পর প্রথম সাতদিন প্রতি দিনের জন্য এখন দিতে হবে ১৬ দশমিক ৭২ টাকা। আগে দিতে হতো ৪ দশমিক ১৮ টাকা। অষ্টম থেকে ১৪তম দিন পর্যন্ত ১০ দশমিক ৫০ থেকে বাড়িয়ে ৪১ দশমিক ৮০ টাকা, ১৫ থেকে ২১তম দিনের জন্য নির্ধারিত মাশুল ১৬ দশমিক ৭০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৬ দশমিক ৮৮ টাকা। এই হারে মাশুল বাড়ানো বিষয়ে তৈরিপোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংস্কারের ফলে বর্তমানে বন্দর কর্তৃপক্ষ লাভবান হয়েছে। এ অবস্থায় হঠাৎ করে একবারে কয়েক গুণ মাশুল বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষতির দিকে ঠেলে দেবে।" তিনি দাবি করেন, "একতরফা নির্ধারণ করা নতুন মাশুলের কারণে শুধুমাত্র পোশাক রপ্তানিকারকদের বাড়তি ব্যয় হবে প্রায় একশ' কোটি টাকা। দেশের সাধারণ ভোক্তাদের উপর এর প্রভাব পড়বে। এতে পোশাক শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা ছাড়াও অন্য সাধারণ ব্যবসায়ীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।" বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা ছাড়া মাশুল বাড়ানোকে অযৌক্তিক হিসেবে অভিহিত করে তা স্থগিত করার দাবি জানান বিজিএমইএ নেতা। এর প্রতিবাদ জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে বুধবার বিজিএমইএ চিঠি দিবে বলেও তিনি জানান। এম এ সালাম আশংকা প্রকাশ করে বলেন, বন্দরের মতো বেসরকারি আইসিডিগুলোও মাশুল বাড়াতে পারে। সেক্ষেত্রে পণ্য রপ্তানির ব্যয়ও বাড়বে, যার বিরূপ প্রভাব পড়বে পোশাক শিল্পে। দেশের শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন এফবিসিসিআই-এর পরিচালক আমিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের কোন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই মাশুল বৃদ্ধি বন্দর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয়।" তিনি বলেন, "বন্দরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলোচনা ছাড়াই বিভিন্ন ক্ষেত্রে একের পর এক মাশুল বাড়াচ্ছে, যা মোটেই কাম্য নয়। এসব অযৌক্তিক সিদ্ধান্ত পণ্য আমদানি-রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে। এতে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে।" আমিরুল হক আরও বলেন, "একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরও বন্দর কর্তৃপক্ষ কেন সেবা মূল্য বাড়িয়ে চলেছে তা বোধগম্য নয়।" বিজিএমইএ এর পরিচালক আব্দুল মান্নান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে কয়েকগুণ। এ নিয়ে তৈরি পোশাক কারখানার মালিকরা দারুণ চাপের মধ্যে রয়েছেন। এর মধ্যে বন্দর কর্তৃপক্ষ এত বেশি হারে মাশুল বাড়ালে পুরো খাতটি ক্ষতিগ্রস্ত হবে। তিনি মাশুল কমিয়ে সহনীয় করার দাবি জানান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহইয়া সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেয়ারম্যান বিদেশ থেকে ফিরলে বর্ধিত হার নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষের বিষয়টি আলোচনা করা হবে।" কন্টেইনার রাখার জন্য ক্ষতিপূরণ মাশুল বৃদ্ধি করায় বিজিএমইএ সহ-সভাপতি এম এ সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "যেখানে বিজিএমইএ দীর্ঘদিন থেকে বন্দরে ফ্রি টাইম চার দিন থেকে আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে সেখানে কর্তৃপক্ষ উল্টো মাশুল বাড়িয়েছে। এটা কোনভাবে মেনে নেওয়া যায় না।" তিনি অভিযোগ করেন, শুল্ক কর্তৃপক্ষ আমদানির পণ্যের শুল্ক চার দিনে নির্ধারণের কাজ শেষ করতে পারে না। সময় বেশি লাগায় আমদানিকারকরা আগে থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। নতুন হারে জরিমানা নির্ধারণ করায় ব্যবসায়ীরা আরও ক্ষতির মুখে পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/এমএ/১৯৪৩ ঘ.