ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে বারডেম হাসপাতালের এক কর্মচারী নিহত হয়েছেন। বাস ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বাস কণ্ডাকটর তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় বাস চালক এবং সহকারীকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৪২)। তিনি শনির আখড়া থেকে ৮ নম্বর বাসে শাহবাগে তার কর্মস্থলে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সাথী বেগম বলেন, বাসে ওঠার পর কন্ডাকটর তাদের দ'ুজনের কাছ থেকে ১৪ টাকা ভাড়া নেন। কিছু দূর যাওয়ার পর কন্ডাকটর তাদের কাছে বাড়তি ভাড়া দাবি করে। সাথী জানান মান্নান টাকা দিতে রাজি না হলে কনডাক্টর ক্ষেপে যান। এবং তাকে ফার্মগেট নিয়ে মারধরের ভয় দেখান। শাহবাগ পৌঁছানোর পর সাথীকে বাস থেকে নামতে দিলেও মান্নানকে বাসে আটকে রাখা হয়। সাথী বলেছেন, তিনি বাস থেকে নামার পর কিছুদূর গিয়ে চলন্ত বাস থেকে মান্নানকে রাস্তায় পরে যেতে দেখেন। ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এরপর বাসের অন্য যাত্রীরা বাংলামোটরে ঘাতক বাসচালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এদিকে মান্নানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বারডেমের কর্মচারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তারা গাড়ি ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় ১০ মিনিট ব্যস্ত শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, জানান, ঘটনার পর বাংলামোটর থেকে ওই বাসের যাত্রীদের সহযোগিতায় বাসসহ (ঢাকা মেট্রো জ ১৪-২১৮১) চালক শাহীন (২৬) এবং সহকারী আমীর হোসেন (২৫)কে আটক করা হয়। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে ময়না তদন্ত শেষে মান্নানের লাশ বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। শনিবার সকালে জানাযা শেষে লাশ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে।
নিহত মান্নান মতিঝিল সেনা কল্যাণ ভবনের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি ৪ সন্তানের জনক। স
bdnews24