ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবির মুখেই আগামী ৪ আগস্ট চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এ ঘোষণা দেন। তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি থাকবে না বলে আমি আশা করি।"
সিইসির এ আশাবাদ সত্ত্বেও এ তফসিল প্রত্যাখান করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তফসিল ঘোষণাকে 'তামাশা' আখ্যায়িত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, সরকার তফসিল ঘোষণা করে জনমতের বিরুদ্ধে কাজ করেছে। আর খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এটা হঠকারী, উদ্দেশ্যপ্রণোদিত ও নীল নকশার অংশ।
নির্বাচনের প্রচার কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় জরুরি অবস্থা শিথিল করারও ঘোষণা দিয়েছে সরকার। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পরদিন অর্থাৎ আগামী ১৪ জুলাই থেকে ওইসব এলাকায় নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল করা যাবে।
ভোট গ্রহণ ৪ আগস্ট
ঘোষিত সময়সূচি বা তফসিল অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬/৭ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই।
মেয়াদোত্তীর্ণ চার সিটি করপোরেশন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এবং নয় পৌরসভা মানিকগঞ্জ সদর, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়া, চুয়াডাঙ্গা সদর, শরীয়তপুর সদর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজশাহীর নওহাটা, বগুড়ার দুপচাঁচিয়া ও সিলেটের গোলাপগঞ্জ-এ ৪ আগস্ট একযোগে ভোট গ্রহণ হবে।
শামসুল হুদার প্রথম তফসিল
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যে কোনও পর্যায়ে এটিই প্রথম নির্বাচনী তফসিল ঘোষণা।
শুক্রবার বিকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে এক সংবাদ ব্রিফিংয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান ব্যাহত হয় এমন কোনো কাজ কমিশন করবে না।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ নির্বাচনমুখী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ''স্থানীয় সরকার নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন। এক্ষেত্রে রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকবে না বলে আমি আশা করি।''
বিএনপিসহ চার দলীয় জোট নির্বাচন প্রতিহত করার যে কর্মসূচি দিয়েছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিইসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
২০০৭ সালের ১১ জানুয়ারির পটপরিবর্তনের পর ফেব্র"য়ারিতে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বভার নেয়। এরপর মে মাসে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত হয়। ১৫ জুলাই ঘোষিত নির্বাচনী রোডম্যাপে এ বছরের শুরু থেকেই সিটি ও পৌর নির্বাচনের কথা ছিল। আর চলতি বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের কথা জানিয়েছে সরকার।
জরুরি অবস্থা শিথিল
যেসব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে সেসব এলাকায় জরুরি অবস্থা শিথিল করেছে সরকার। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পরদিন অর্থাৎ আগামী ১৪ জুলাই থেকে ওইসব এলাকায় নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল করা যাবে।
শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব জাবেদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, 'সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের প্রচারের সুবিধার জন্য সরকার মিছিল, সভা বা সমাবেশ করা বা তাতে অংশগ্রহণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে।'
বিকেলে সিইসি জানান, জরুরি বিধিমালা শিথিলের এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রার্থিতা প্রত্যাহারের পরদিন থেকে কার্যকর হবে।
কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী প্রচারের জন্য চূড়ান্ত প্রার্থীরা ১৪ জুলাই থেকে নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এসএম/জেকে/এসকে/২০৫৭ঘ.
bdnews24