২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমানের বাসা থেকে কিশোর গৃহকর্মীর লাশ উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের বনানীর বাসা থেকে বৃহস্পতিবার গৃহকর্মী মো. রাজীবের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রহমান বিশ্বাসের পরিবারের সদস্যদের দাবি, সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রাজীব বরিশাল কোতয়ালী থানা এলাকার চরবাড়িয়া গ্রামের শুকুর আকন্দের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের বনানীর বাসা থেকে বৃহস্পতিবার গৃহকর্মী মো. রাজীবের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রহমান বিশ্বাসের পরিবারের সদস্যদের দাবি, সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রাজীব বরিশাল কোতয়ালী থানা এলাকার চরবাড়িয়া গ্রামের শুকুর আকন্দের ছেলে। গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেলিফোনে খবর পেয়ে উপ-পরিদর্শক মইনুল জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল বনানী ১০ নম্বর সড়কের এইচ ব্লকের ৮ নম্বর বাড়ি থেকে রাজীবের লাশ উদ্ধার করে।" ওই পুলিশ কর্মকর্তা বলেন. "বাড়িটি সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের। তার ছেলে জামিলুর রহমান শিবলী আমাদের জানান, বিকেলে বাড়ির একটি স্টোররুমের ছাদে কাঠের আড়ার (বিম) সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রাজিবের লাশ দেখতে পান তারা। পুলিশ সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করে।" মইনুল জাকির বলেন, "ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।" জামিলুর রহমান শিবলী এ ব্যাপারে গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে শিবলীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ির কেউ একজন বাদি হয়ে মামলা করেছেন। কে বাদী হয়েছেন এ মুহূর্তে তা আমার মনে পড়ছে না।" পরে থানা থেকে বাদীর নাম নিশ্চিত হয়ে আবার ফোন করা হলে শিবলী বলেন, "আসলে ঘটনার আকস্মিকতায় আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আমি পুলিশের একটি কাগজে শুধু স্বাক্ষর করেছি।" রাজীব কী কারণে মারা গেল জানতে চাইলে তিনি বলেন, "এটা অবশ্যই একটি দুর্ঘটনা। মাত্র এক মাস আগে সে আমাদের বাসায় কাজ করতে আসে। এর আগে ওর বড় ভাই এক বছরের মতো এ বাসায় কাজ করেছে। রাজীব কী কারণে আত্মহত্যা করলো তা আমরা বুঝে উঠতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২২৩৮ ঘ.