সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগেই উপজেলা পরিষদ নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, এ জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত। জাতীয় নির্বাচনে দেরি হবে, এমন কিছু করা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। সিইসি জানিয়েছেন, আগামী শুক্রবার চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভার তফসিল ঘোষণা করা হবে।
সিইসি এটিএম শামসুল হুদা বুধবার সিলেটে সিটি কর্পোরেশন অধ্যাদেশ-২০০৮ এর আলোকে প্রণীত নির্বাচন সংক্রান্ত বিধিমালা নিয়ে একটি কর্মশালা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আগামী ২০ জুন শুক্রবার দেশের চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তারপর পর্যায়ক্রমে অন্য পৌরসভাগুলো এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হবে।"
উপজেলা পরিষদের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, "উপজেলা পরিষদ নির্বাচন আমরা সংসদ নির্বাচনের আগেই করতে চাই। যদিও অনেকে বলছেন, সংসদ নির্বাচন আগে করতে। কিন্তু আমরা উপজেলা নির্বাচন আগে করতে আগ্রহী। সরকারও আমাদের এ নির্বাচন করতে অনুরোধ করেছে। আমরা এতদিন বিধিমালার অভাবে স্থানীয় নির্বাচন করতে পারিনি। এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত।"
সিইসি একই সঙ্গে বলেন, "আমরা এমন কিছু করবো না, যাতে জাতীয় সংসদ নির্বাচন সময়মতো না হয়। ২০০৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশে নির্বাচিত নতুন সরকার শাসনভার গ্রহণ করবে, সেই সাংবিধানিক দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।"
নির্বাচনের আচরণবিধি নিয়ে শামসুল হুদা বলেন, "নির্বাচনী আচরণবিধি এবার কঠোরভাবে অনুসরণ করতে হবে। আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইসিও থাকবে কঠোর। সব ধরনের নির্বাচনী শো-ডাউন, বহুরঙা পোস্টার, আলোক সজ্জা, শতশত ক্যাম্প স্থাপন, তোরণ তৈরি নিষিদ্ধ থাকবে। যখনই এ ধরনের বিষয় ধরা পড়বে, ওই প্রার্থীর মনোনয়ন তখনই বাতিল হয়ে যাবে।"
প্রচারণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, 'নির্বাচনে মিছিল-মিটিং সবই হবে। এ জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির প্রস্তাব সরকারের কাছে করা হবে।"
তিনি বলেন, "আমরা নির্বাচন ব্যবস্থাকে সনাতন পদ্ধতিতে ফিরিয়ে নিতে চাই। শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু যেভাবে নির্বাচন করেছেন- ওইভাবে নির্বাচন করতে হবে।"
সিইসি বলেন, "সৎ ও যোগ্য প্রার্থী যদি আনতে হয় তাহলে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে তাদের নির্বাচনী ব্যয় বেশি না হয়। ভালো মানুষ যেন নির্বাচনে অংশ নিতে পারে সে ব্যবস্থা আমরা করছি। অপরাধীদের নির্বাচনে অংশ গ্রহণ এখন কঠিন হয়ে যাবে। স্থানীয় নির্বাচনেও সাতটি তথ্য দিতে হবে। তথ্য গোপন রাখা চলবে না।"
নির্বাচিত মেয়রকে দলীয় পদ ছাড়তে হবে জানিয়ে এটিএম শামসুল হুদা বলেন, "নির্বাচনে জিতে শপথ নেওয়ার আগেই দলীয় পদ ছাড়তে হবে। নইলে দেখা যায়, সিটি কর্পোরেশন দলীয় কার্যালয়ে পরিণত হয়ে যায়।"
এবারের তালিকায় ভুয়া ভোটার নেই দাবি করে সিইসি বলেন, "এবারের ভোটার তালিকায় কোনও ফালতু ভোটার নেই। এক কোটি ভুয়া ভোটার বাদ পড়েছে।"
জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের বিষয়ে তিনি বলেন, "জাতীয় নির্বাচনের পরে আইডি কার্ডের সব ভুল ভ্রান্তি সংশোধন করা হবে। এ কাজ চলবে বছরব্যাপী।"
সম্ভাব্য প্রার্থীদের নিয়ে পর্যায়ক্রমে সব সিটি কর্পোরেশনে কর্মশালা হবে বলে সিইসি জানান। তিনি বলেন, "সিলেটে অভূতপূর্ব সাড়া দেখে আমরা আশাবাদী, আগামী নির্বাচন হবে সজিব ও সুন্দর।"
সিলেটের বিভাগীয় কমিশনার ড. জাফর আহমদ খানের সভাপতিত্বে সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
ছহুল হোসাইন বলেন, "যে নীতিমালার ওপর ভিত্তি করে আইন সংস্কার হয়েছে, তা জানাতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে মনোনয়ন কেনা, টাকা দিয়ে ভোট কেনা এগুলো বন্ধ করা হয়েছে।"
সাখাওয়াত হোসেন বলেন, "আইন আইনের জায়গায় থাকবে, কিছুই হবে না- এবার এটা ভাবলে ভুল হবে। আমরা নির্বাচনী আচরণবিধি সবাইকে কঠোরভাবে মানতে বাধ্য করব।"
সাপোর্ট টু ইলেকটোরাল প্রসেস ইন বাংলাদেশ প্রজেক্ট এবং ইসি আয়োজিত ওই কর্মশালায় বক্তব্য রাখেন উপনির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান, সিলেটের জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় ১৪ জন সম্ভাব্য মেয়র প্রার্থী এবং ৩১ জন নারী ও ১৩১ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১১ ঘ.
bdnews24