ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোও হ্রাসকৃত মূল্যে এ সুবিধা পাবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরাসরি বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) মাধ্যমে এই সুবিধা নিতে পারবে।
বিটিআরসি এসব প্রতিষ্ঠানের জন্য সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ চার্জ পুননির্ধারণ করেছে। সোমবার আইএসপিগুলোকে চিঠি দিয়ে এই হার কার্যকর করতে বলা হয়েছে।
শিক্ষপ্রতিষ্ঠানের জন্য পুনর্নির্ধারিত চার্জ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৬৪ কিলোবিট/সেকেন্ড পর্যন্ত ব্যান্ডউইথের জন্য বিনামূল্যে সংযোগ পাবে।
সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংযোগ পাবে ৭৫ ভাগ কম দামে।
এছাড়া বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং কলসেন্টারগুলোকে ২০ থেকে ৬০ ভাগ কম দামে সংযোগ দেয়া হবে।
বিটিআরসি'র সচিব রফিকুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে কম খরচে ইন্টরনেট সংযোগ দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা কার্যকর করতে আমরা আইএসপিগুলোকে অনুরোধ করেছি।"
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবর্তনশীল বিশ্বে অন্যান্য যোগাযোগের সঙ্গে তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। কিন্তু আমাদের দেশে তথ্য প্রযুক্তির সুফল প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। তথ্য প্রযুক্তিকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ চার্জ কমানো হয়েছে।"
তিনি বলেন, "জনগণ যাতে এই হ্রাসকৃত মূল্যের সুফল পায়, সেজন্য সার্ভিস প্রোভাইডারদের উদ্যোগ নিতে হবে।"
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় চলতি বছরের জানুয়ারিতে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ ফি পুনর্নির্ধারণ করে। আর মে মাসে কল সেন্টারগুলোর জন্য ব্যান্ডউইথ ফি ৬০ ভাগ কমানোর সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/১৯২৩ ঘ.
bdnews24