২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বাড়ানোর দাবিতে মিরপুরের শ্যাওড়াপাড়ায় রোববার বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে কারখানার আরেক দল শ্রমিকের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে বলে জানিয়েছে আন্দোলনকারী শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে মিরপুরের শ্যাওড়াপাড়ায় রোববার বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে কারখানার আরেক দল শ্রমিকের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে বলে জানিয়েছে আন্দোলনকারী শ্রমিকরা। মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার সরকার মোহাম্মদ কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যাওড়াপাড়ার এসকিউ গার্মেন্টসের নিটিং বিভাগের শ্রমিকরা পিস প্রতি মজুরি বাড়ানোর জন্য বেশ কিছুদিন ধরে দাবি জানাচ্ছিল। রোববার সকালে ওই বিভাগের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সরকার মোহাম্মদ কায়সার জানান, দুপুরের খাবারের সময় কারখানার অন্য বিভাগে কর্মরত এক শ্রমিক বাইরে এলে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। এরপর কিছুসময় দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আন্দোলনরত শ্রমিকরা জানায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। এতে পাঁচ শ্রমিক আহত হয়েছে। এদিকে, মিরপুর এক নম্বরের কেরা ফ্যাশান লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রোববার বিকেলে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ পৌঁছে তাদের কারখানার ভেতর ঢুকিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২১৪৭ ঘ.