ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানসিক রোগীর শাবলের আঘাতে মোর্তুজা আলী খান (৩৫) নামে এক বিডিআর সদস্য শনিবার ভোরে মারা গেছেন। পুলিশ ওই মানসিক রোগিকে গ্রেপ্তার করেছে।
মোর্তুজা বিডিআরের পাঁচ নং ব্যাটালিয়নের অধীনে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটিতে।
লালবাগ থানায় প্রশিক্ষণরত উপ-পরিদর্শক মোখছেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ মে বিডিআর জওয়ান মোর্তুজা ছুটি নিয়ে নিজ বাড়িতে যান। শুক্রবার সন্ধ্যায় যন্ত্রচালিত 'টমটম' যোগে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে কুমারখালীর ধবদবি এলাকায় দিবু (৩০) নামে এক মানসিক রোগি তাকে শাবল দিয়ে আঘাত করে। এতে তার কপালে গভীর জখম হয়। পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মোর্তুজার কাটা অংশে সাতটি সেলাই দেওয়া হয়।
তবে অবস্থায় অবনতি হলে ঢাকার বিডিআর সদর দপ্তরের হাসপাতালে আনার পথে মাওয়া ফেরিঘাটে ভোর ৫টার দিকে মোর্তুজা মারা যান।
শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য বিডিআর সদরদপ্তর হাসপাতাল থেকে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দিবুর (৩০) বাড়ি নলছিটি এলাকার তিমিরকাঠি গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এএল/এমএইচবি/২০৩০ ঘ.
bdnews24