২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হজ ও ওমরাহ মেলা শুরু

হজ ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো শুরু হয়েছে হজ ও ওমরাহ মেলা। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো শুরু হয়েছে হজ ও ওমরাহ মেলা। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে। ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন। হজ এজেন্সির মালিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, "হজ সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা দেওয়া হবে। মক্কা-মদিনায় গিয়ে কোনো হাজিকে যাতে কাঁদতে না হয়- তেমন সুবিধা নিশ্চিত করতে হবে। হাজিরা যাতে প্রতারিত না হন সেজন্য মধ্যস্বত্বভোগীদের আপনারা কোনো সুযোগ দেবেন না।" হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহযোগিতায় হজ মেলার আয়োজন করেছে 'ই-থ্রি সলিউশন' নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে হজের ক্ষেত্রে দেওয়া সুযোগ-সুবিধার তথ্য জানাতে বেসরকারি ৪২টি হজ এজেন্সির মোট ৬০টি স্টল রয়েছে। মেলার মাধ্যমে হাজি ও এজেন্সির মধ্যে সেতুবন্ধনের ক্ষেত্র তৈরি হবে- আশাপ্রকাশ করে হাব সভাপতি মোহাম্মদ ফারুক বলেন, "মধ্য স্বত্বভোগীরা যাতে হজ কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে না পারে- সে বিষয়ে আমরা উদ্যোগ নেব।" এ জেড এম ফজলে রাব্বি খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হাব মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতীও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৮৫৭ ঘ.