২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার নিরাময়ের চেয়ে প্রতিরোধ করা জরুরি: সভায় এম এ মালেক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক বলেছেন ক্যান্সার নিরাময়ের চেয়ে প্রতিরোধ করা জরুরি। দেশেই এ প্রাণঘাতী রোগের চিকিৎসাকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক বলেছেন ক্যান্সার নিরাময়ের চেয়ে প্রতিরোধ করা জরুরি। দেশেই এ প্রাণঘাতী রোগের চিকিৎসাকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদও দিয়েছেন তিনি। রোববার 'বিশ্ব ক্যান্সার সার্ভাইভার্স দিবস' উপলক্ষে ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় এম এ মালেক এ কথা বলেন। জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় এম এ মালেক বলেন, "ক্যান্সার নিরাময়ের চেয়ে প্রতিরোধ করা জরুরি। এ ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে। কারণ এটা চিকিৎসায় যেমন পুরোপুরি নিরাময়যোগ্য নয় তেমনি আমাদের দেশে এর চিকিৎসাও অপ্রতুল।" সরকার ও সাধারণ মানুষের সহযোগিতায় আহছানিয়া মিশনের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, "এ উদ্যোগে সরকার সব ধরণের সহযোগিতা করবে। আমাদের দেশেই ক্যান্সার চিকিৎসার দ্বার উন্মোচন করতে হবে।" সভাপতির ভাষণে মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, বর্তমানে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রায় ১২ লাখ। প্রতি বছর দুই লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং তাদের মধ্যে মারা যাচ্ছে প্রায় দেড় লাখ। ক্যান্সার নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, শুরুতে ধরা পড়লে শতকরা ৯০ ভাগ ক্যান্সার নিরাময় করা সম্ভব। জরায়ু ও স্তন ক্যান্সারের ক্ষেত্রে সাফল্যের হার ৯০ ভাগেরও বেশি। আলোচনাসভায় আরও বক্তব্য দেন অধ্যাপক এম আর খান, আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ ফজলুর রহমান, রেজিষ্ট্রার সুব্রত মিস্ত্রি প্রমূখ। সভার আগে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাইকোর্ট ভবন থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরে এসে শেষ হয়। বাংলাদেশ স্ক^াউটস, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টসহ সকল পর্যায়ের পেশাজীবী মানুষ এতে অংশ গ্রহণ করেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/১৬৪৪ঘ.