ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও বিএনপির দুই অংশের নেতা-কর্মীরা শুক্রবার রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে শেরেবাংলা নগরে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে উভয় অংশ।
খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও তার নেতা-কর্মিরা সকালে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে দলের সংস্কারপন্থি অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনের নেতৃত্বে নেতা-কমীরা বিকেল সাড়ে ৩ টায় পুস্পমাল্য অর্পণ করবেন।
শুক্রবার সকাল সোয়া ৮টায় জিয়াউর রহমানের কবরে পৃথক পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এ সময়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একটি চৌকস দল বিউগলের সুরে সাবেক রাষ্ট্রপতির প্রতি সামরিক কায়দায় শ্রদ্ধা জানায়। এরপর স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সরকারি কর্মসূচির পর সকাল সাড়ে ১০টায় বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলীয় নেতাদের নিয়ে প্রয়াত নেতার কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, সহসভাপতি অধ্যাপক সারোয়ারী রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, অধ্যাপক আবদুল মান্নান।
এছাড়াও দলের সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, শাহজাহান চৌধুরী, শাহ নূরুল কবির শাহিন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, আব্দুল মোমিন তালুকদার, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, রেহানা আক্তার রানু, ফাহিমা হোসাইন জুবলি, সাবেক ছাত্রদল নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিড়ের কারণে চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ পরে আলাদাভাবে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে যুবদল,শ্রমিক দল,মহিলা দল,তাঁতী দল,জাসাস,ছাত্র দল,কৃষক দলসহ অঙ্গসংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করে।
প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার জমির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন,"রাষ্ট্রপতি জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার আমলে দ্রব্যমূল্য মানুষের সহনীয় পর্যায়ে ছিলো। অর্থনীতি সচল থাকায় অনেক উন্নয়ন মূলক কর্মকাণ্ডও হয়েছে।"
তিনি আরও বলেন,"বিএনপি খণ্ডিত নয়, ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনে দল অংশ নেবে। জনগণের রায় নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।"
হান্নান শাহ সাংবাদিকদের বলেন,"বিএনপির নেতা-কর্মিরা রাষ্ট্রপতি জিয়ার মৃত্যু শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্রের পূনপ্রতিষ্ঠা করবে।"
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানসহ শেরেবাংলা নগরের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্মড পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো।
জিয়ার কবর প্রাঙ্গনে জিয়া পরিষদের উদ্যোগে এক মাসব্যাপী কোরআন খানির শেষ দিনে শুক্রবার সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব খোন্দাকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদসহ বিএনপি ও উলামা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সকালে কবর প্রাঙ্গনে জিসাস-এর উদ্যোগে রক্তদান কর্মসূচিও হয়।
সারাদেশে স্থানীয় নেতাদের উদ্যোগে মসজিদে মিলাদ ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে বলে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভি আহমেদ জানান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাবেক বিএনপি সরকার মনোনীত রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তার বাণীতে জিয়াকে বাংলাদেশের 'স্বাধীনতার পথিকৃৎ' হিসেবে অভিহিত করেন।
দিবস উপলক্ষে সকালে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া কারাবন্দি নেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সংসদ ভবনের বিশেষ কারাগারের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে নেত্রীর জন্য পুস্পস্তবক তুলে দেয় কারা সুপারের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/১১৪১ ঘ.
bdnews24