যশোর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে যশোরে আওয়ামী লীগের সাবেক সাংসদ আলী রেজা রাজুর বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার যশোর জেলা জজ মো. আজগর আলীর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ রাসেল আহমেদ।
অভিযোগপত্রে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আবেদনও করেছেন তদন্ত কর্মকর্তা।
আদালত ১ জুন এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছে।
সৈয়দ রাসেল আহমেদ জানান, ২৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ টাকার সম্পদ গোপন করার অভিযোগে দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান-২) ও টাস্ক ফোর্স-১ (যশোর)-এর সদস্য আবুবকর সিদ্দিক এ বছর ৩ জানুয়ারি যশোরের কোতোয়ালি থানায় আলী রেজা রাজুর বিরুদ্ধে মামলাটি করেন।
তিনি জানান, দুদক আইন ২০০৪-এর ২৬(২), ২৭(১) এবং জরুরি বিধিমালা আইন ২০০৭-এর ১৫(১৫) ধারায় দেওয়া অভিযোগপত্রে রাজুর বিরুদ্ধে ৩৮ লাখ ২৮ হাজার ২৩৭ টাকার সম্পদের হিসাব গোপনের অভিযোগ আনা হয়েছে।
এই সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24