২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

সারাদেশে বৃহস্পতিবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। চলতি বছর সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) পরীক্ষায় ৭ হাজার ১২০টি প্রতিষ্ঠানের মোট ৬ লাখ ২০ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বৃহস্পতিবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। চলতি বছর সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) পরীক্ষায় ৭ হাজার ১২০টি প্রতিষ্ঠানের মোট ৬ লাখ ২০ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বুধবার ঢাকা বোর্ডে এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, "এবার আমরা কোনো শিক্ষার্থীকে বহিস্কৃত দেখতে চাই না।" তিনি বলেন, "আমরা চেষ্টা করব যাতে পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীর দেহ তল্লাশী না করতে হয়। কেন্দ্রের ফটকেই তাদের তল্লাশী করা হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে শিক্ষককে বহিস্কার করা হবে। কেন্দ্র সচিবকেও বাদ দেওয়া হবে।" এ বছর সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৫ লাখ ২ হাজার ৭৯৬ জন, আলীমে ৬২ হাজার ৫০৫ জন এবং এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট)-এ ৫৪ হাজার ৭১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে। ২০০৭ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৪১ হাজার ১৭৮ জন। সাতটি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ২৪৭ জন; রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন; কুমিল্লা বোর্ডে ৫০ হাজার ৭১৯ জন; যশোরে ৭০ হাজার ৮০৯ জন; চট্টগ্রামে ৪১ হাজার ৫১৫ জন; বরিশালে ৩২ হাজার ১৬৪ জন এবং সিলেট বোর্ডে ১৯ হাজার ৫৯৭ জন। এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ২১৪ জন এবং ছাত্রী ২ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। আলীম পরীক্ষা দেবে ৩৯ হাজার ৭৬১ ছাত্র এবং ২২ হাজার ৭৪৪ ছাত্রী। এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) -এ ছাত্র সংখ্যা ৩৪ হাজার ৭১০ জন এবং ছাত্রী ২০ হাজার ৯ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় নয়টি বোর্ডের অধীনে দেশের ১৮০০ কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। এর মধ্যে এইচএসসির কেন্দ্র সংখ্যা ১ হাজার ২৪টি, আলীমে ৩৪৮টি এবং এইচএসসি (বিএম) এ ৪২৮টি। এছাড়া দেশের বাইরে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা দেবে ১৫৫ জন শিক্ষার্থী। ঢাকা বোর্ড চেয়ারম্যান পরীক্ষার্থীদের ঝরে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ সম্মেলনে বলেন, "নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া, মেয়েদের বিয়ে, বিদেশ গমন, আর্থিক অস্বচ্ছলতা, ছাত্রদের উচ্ছৃঙ্খলতা, ছাত্র রাজনীতি, মাদকাসক্তি, হঠাৎ অসুস্থতা, পরিবারিক বিপর্যয়, এসএসসির মতো নৈর্ব্যত্তিক প্রশ্ন না থাকায় পাঠ্যক্রমকে ভারি মনে করা, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং ইংরেজি বিষয়ে দুর্বলতাই শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ।" ঢাকা বোর্ডে এবার নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ১৯ দশমিক ৩৪ জন ঝরে পড়েছে। এই বোর্ডে ২০০৬-০৭ সেশনে ১ লাখ ৪৬ হাজার ৯১২ জন শিক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষা দিচ্ছে ১ লাখ ১৮ হাজার ৪৯৮ জন। এদের মধ্যে ৩ দশমিক ৮ ভাগ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে বোর্ড চেয়ারম্যান জানান। ঢাকা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. জয়নুল আবেদীনসহ অন্যান্য কর্মকতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/জেকে/২১০৫ ঘ.