২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ হতে হবে দুই নেত্রীর মধ্যে: সাকা চৌধুরী

দুর্নীতি মামলার বিচারাধীন আসামী সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংলাপ হতে হবে খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে। তবেই দেশ বর্তমান সংকট থেকে মুক্তি পাবে। 'কেরানীদের সঙ্গে' সংলাপ করে কিছু হবে না বলে মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি মামলার বিচারাধীন আসামী সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংলাপ হতে হবে খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে। তবেই দেশ বর্তমান সংকট থেকে মুক্তি পাবে। 'কেরানীদের সঙ্গে' সংলাপ করে কিছু হবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার অবৈধ আয়ের এক মামলায় হাজিরা দিতে এসে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এ সাংবাদিকদের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন। সাকা চৌধুরী নামে সমধিক পরিচিত এ নেতা বলেন, "সরকার সংলাপের নামে যা করছে তা প্রলাপ। কেরানীদের সঙ্গে সংলাপ করে কিছু হবে না। সংলাপ হতে হবে দুই নেত্রীর মধ্যে। আর অন্য রাজনীতিবিদরা তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন। তবেই দেশ বর্তমান সংকট থেকে মুক্তি পাবে।" তিনি বলেন,"আওয়ামী লীগ সংলাপ বর্জন করেছে। চারদলীয় জোটও যদি তাই করে তাহলে আর সংলাপের থাকলো কি?" সাকা আরও বলেন, "বর্তমান নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে আমি তা বিশ্বাস করি না। অন্য কেউ বিশ্বাস করলে করতে পারেন।" উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানকে 'নব্য রাজনীতিবিদ' আখ্যা দিয়ে চট্টগ্রামের এ নেতা বলেন,"রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে বলেই তো তারা সবাই জরুরি অবস্থা প্রত্যাহার চাচ্ছে। এটা নিয়ে আবার টালবাহানা কেন?" বুধবার রাষ্ট্রপক্ষে আরও চারজন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন। গত বছরের ১৩ জুন সম্পত্তির তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে সাকা চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। এতে অভিযোগ করা হয়, অভিযুক্ত অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৩৪ঘ.