২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি খালেদা এদিব চৌধুরী মারা গেছেন

কবি ও কথাশিল্পী খালেদা এদিব চৌধুরী আর নেই। বুধবার ভোররাতে রাজধানীর এপোলো হাসপাতালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭১। বুধবার দুপুরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি ও কথাশিল্পী খালেদা এদিব চৌধুরী আর নেই। বুধবার ভোররাতে রাজধানীর এপোলো হাসপাতালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭১। বুধবার দুপুরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। খালেদা এদিব চৌধুরী ক্যান্সারে ভুগছিলেন বলে তার একমাত্র ছেলে রিহ্যাব সভাপতি তানভীরুল হক প্রবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "রাত পৌনে ৩টায় মায়ের মৃত্যু হয়।" ১৪ বছর আগে প্রবালের বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জানিয়ে প্রবাল আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, "এ জন্য মাকে কখনই ক্যান্সারের কথা জানানো হয়নি।" প্রবাল জানান, উত্তরা আগা খান স্কুলের কাছে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হয়। আগামী শুক্রবার উত্তরার বাসভবনে বাদ আসর কুলখানি হবে। খালেদা এদিব চৌধুরীর মৃত্যুতে তথ্য সচিব জামিল ওসমান, বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ শোক প্রকাশ করছেন। এক শোক বার্তায় তথ্য সচিব খালেদা এদিব চৌধুরীর আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সৈয়দ মোহাম্মদ শাহেদ তার শোকবার্তায় বলেন, "সৃজনশীল সাহিত্য রচনা করে তিনি বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।" খালেদা এদিব চৌধুরী এক ছেলে ছাড়াও দুই মেয়ে রেখে গেছেন। ফারখন্দা জাবিন খান ও কণ্ঠশিল্পী সুমনা হক তার মেয়ে। খালেদা এদিব চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে ৩ জুলাই। ১৯৯৩ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। এছাড়া জীবদ্দশায় তিনি কবিতালাপ সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - আমার দাহ আমার হাত (১৯৭৮), পান্থ তোমার ভালবাস (১৯৮৩), পাথরে আগুন (১৯৮৫), তোমার সঙ্গে অনঙ্গ (১৯৮৬), দুহাতে আঁধার কেটে (১৯৯৩), হে বাঁধন লতার কাঁদন (১৯৯৫), দুফোটা চোখের জল (১৯৯৭), গল্প: জনমনিষ্যির গল্প (১৯৯৮২), পোড়া মাটির গন্ধ (১৯৯৮৫), অন্য এক নির্বাসন (১৯৭৬); উপন্যাস: অনন্ত মধ্যাহ্ন রাত (১৯৯৮০), হে প্রেম হে সময় (১৯৯৭); কিশোর গল্প: অন্তর বন্ধু (১৯৯৮১), বুবুর জন্য সারাদুপুর (১৯৯৮৩), মুক্তিযুদ্ধের কিশোর গল্প (১৯৯৩), সেই পাখি নেই (১৯৯৬), শীতের দিনরাত্রি (১৯৯৮৭); কিশোর উপন্যাস: অরণ্যের ক্যানভাস (১৯৮৫), তোমার পতাকা যারে দাও (১৯৮৮); কিশোর অনুবাদ: স্পার্টাকাস (১৯৯৬), জিম করবেট ও মানুষ খেকো চিতা (১৯৯২), মা (১৯৯১), জীবনানন্দ দাশ: ঝরাপালক এর কবি (১৯৮৬)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১৬৪৫ ঘ.