২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুন-শাহাদত বাহিনীর নির্দেশে খুন হয়েছেন পল্লবীর মন্টু?

রাজধানীর মীরপুরে সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নেতা নজরুল ইসলাম চৌধুরী মন্টু (৫২) কথিত শীর্ষ সন্ত্রাসী মামুনের নির্দেশে খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মীরপুরে সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নেতা নজরুল ইসলাম চৌধুরী মন্টু (৫২) কথিত শীর্ষ সন্ত্রাসী মামুনের নির্দেশে খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সন্ত্রাসী মামুন এখন কলকাতায় পালিয়ে আছেন বলে পুলিশের ধারণা। গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ পাওয়ার জন্য মামুনের ভাই জামিলের তত্ত্বাবধানে এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। আর এই কাজে আরেক পলাতক 'শীর্ষ সন্ত্রাসী' শাহাদত বাহিনীর সদস্যরাও সহায়তা করেছে। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কৃপা সিন্ধু বালা মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্টু পল্লবী থানা এলাকার গার্মেন্টস কারখানাগুলোর কমপক্ষে ৬০ ভাগ ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। পরিবর্তিত পরিস্থিতির কারণে এ ব্যবসার ওপর পলাতক শীর্ষ সন্ত্রাসী মামুন এবং শাহাদত বাহিনীর নিয়ন্ত্রণ কমে যায়। ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তারা কৌশলে মন্টুকে সরিয়ে দিলো বলে ধারণা করা হচ্ছে।" কৃপাসিন্ধুু বালা জানান, চিকিৎসাধীন দুই সন্ত্রাসীর সঙ্গে সামান্য যে কথা বলা গেছে তাতেও একই রকম ধারণা পাওয়া গেছে। এদের আরো জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার পুরো রহস্য উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কয়েক দফা জানাজার পর মঙ্গলবার বিকেলে পল্লবী ১১ নাম্বার কবরস্থানে নজরুল ইসলাম মন্টুকে দাফন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশের সেলুনে বসে থাকা মন্টুকে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় জিসান মাহমুদ ওরফে সবুজ এবং জাবেদ আহম্মেদ রুবেল নামে দুই যুবককে আটক করে। দুজনই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক বছর আগে মন্টুর ছোট ভাই সেন্টুও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে এই পুলিশ কর্মকর্তা জানান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে লুকিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী মামুনের বাহিনী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/