২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ৩১ মে

বিচার বিভাগ পৃথককরণ, মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী ৩১ মে বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে সুপ্রিম কোর্ট। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 05:40 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ পৃথককরণ, মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী ৩১ মে বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে সুপ্রিম কোর্ট। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ইকতেদার আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। ৩১ মে সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করবেন বিদায়ী প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। রেজিস্ট্রার বলেন, এই প্রতিবেদনে বিচার বিভাগের গঠন, ক্ষমতা, কার্যাবলী, ফৌজদারি কার্যবিধির সংশোধন, বিচার বিভাগ পৃথককরণের ইতিহাস, এ নিয়ে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা, আপিল বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায়, প্রধান বিচারপতির বিদেশ ভ্রমণ, নিু আদালত পরিচালনা, বিচার বিভাগের চলমান সংস্কার, জেলা আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও উচ্চ আদালতের মামলার বিবরণ, বিচার বিভাগে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার প্রবর্তন, বিচার বিভাগের রাজস্ব আয় ও বাজেটসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ থাকবে। ইকতেদার আহমেদ জানান, বর্তমান প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ২০০৭ সালে দায়িত্ব গ্রহণের সময় আপিল বিভাগে ৯ হাজার ১১৯টি মামলা বিচারাধীন ছিল। বর্তমানে এ বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৬ হাজার ৭৬১। হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৯০০টি। বর্তমানে হাইকোর্টে ৬১ জন ও আপিল বিভাগে ৭ বিচারপতি দায়িত্ব পালন করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করার জন্য এর আলাদা সচিবালয় দরকার। এ জন্য সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ জন্য আরও সময় প্রয়োজন। নিু আদালতের বিচারকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২৩৩৫ ঘ.