২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো দুর্নীতি মামলা খারিজে খালেদার আবেদনের শুনানি মুলতুবি

নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য খালেদা জিয়ার দায়ের করা আবেদনের ওপর শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতুবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য খালেদা জিয়ার দায়ের করা আবেদনের ওপর শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতুবি করেছে হাইকোর্ট। আবেদনটির ওপর তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণের পর বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের বেঞ্চ রোববার এ আদেশ দেন। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, নাইকো দুর্নীতির সঙ্গে খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। খালেদা জিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন ও বিধি অনুযায়ী নাইকোর সঙ্গে চুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে কোনো দুর্নীতি করেননি। তিনি বলেন, নাইকো মামলায় সেলিম ভূঁইয়া যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাতেও খালেদা জিয়ার সংশ্লিষ্টতার কথা বলা হয়নি। আদালত প্রশ্ন করেন, এ ধরনের চুক্তির আগে আন্তর্জাতিক দরপত্র ডাকার কথা থাকলেও এ ক্ষেত্রে তা হয়নি কেন? মাহবুবউদ্দিন বলেন, খালেদা জিয়া সমস্ত প্রক্রিয়া ও পদ্ধতি মেনেই নাইকোকে তিনটি গ্যাস ক্ষেত্র হস্তান্তরের চুক্তিতে অনুমোদন দিয়েছিলেন। গত ১৮ মে বেগম খালেদা জিয়া এ মামলা খারিজের জন্য আবেদন করেন। ২১ মে আবেদনটির ওপর শুনানি শুরু হয়। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১১ আসামি ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দেয়। এতে সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলার এজাহারে খালেদা জিয়াসহ ৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও ৬ জনসহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সোমবার সকালে খালেদা জিয়াসহ অন্য আসামিদের সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এ হাজির করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২২৩০ ঘ.