২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: প্রতিবেদন দিয়েছে যাচাই কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত সত্যাসত্য যাচাই কমিটি শুক্রবার রাতে প্রতিবেদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত সত্যাসত্য যাচাই কমিটি শুক্রবার রাতে প্রতিবেদন দিয়েছে। শনিবার কমিটির সদস্য ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগকারীরা যেন ন্যায় বিচার পায় সে দিকে লক্ষ্য রেখে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।" শুক্রবার রাত ১১ টার দিকে কমিটির সদস্যরা উপাচার্যের বাসভবনে গিয়ে তার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন বলে তিনি জানান। তবে প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করে তিনি বলেন, "প্রতিবেদনে প্রস্তাবিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে জোর সুপারিশ করা হয়েছে।" নিপীড়নবিরোধী নীতিমালা থাকলে বিচার প্রক্রিয়া সহজ এবং দ্রুত করা সম্ভব বলে তিনি মনে করেন। এর আগে কমিটি ঘটনা সর্ম্পকে জানতে ৯ মে অভিযোগকারী চার ছাত্রীর, ১০ মে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতিসহ কয়েকজন শিক্ষকের, ১১ ও ১২ মে বিভাগের শিক্ষার্থীদের এবং ১৭ মে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য শোনেন। অভিযুুুক্ত শিক্ষক মো. ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একাডেমিক কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়ায় আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।" গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের (শিক্ষাবর্ষ ২০০৪-০৫) চারজন ছাত্রী পৃথকভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন। পরে উপাচার্য ঘটনা তদন্তে ৫ মে ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক সিকান্দার দারা শামসুদ্দীনকে প্রধান করে তিন সদস্যের সত্যাসত্য যাচাই কমিটি গঠন করেন। কমিটির অপর দুই সদস্য হলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কাঞ্চান চৌধুরী। এ ঘটনায় বিভাগের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে ৪ মে থেকে লাগাতার ক্লাস, পরীক্ষা বর্জনসহ কয়েকদিন ধরে প্রতিবাদ মিছিল-সমাবেশ ও মানববন্ধন করে। আন্দোলনের এক পর্যায়ে ১১ মে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। তবে তারা ১৮ জুনের মধ্যে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের সময়সীমা বেঁধে দিয়েছে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ৯ জুন বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। এর আগে ২০০৬ এবং ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌন হয়রানির অভিযোগে দুটি বিভাগের দুইজন শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৮ ঘ.