ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের পর্যটক নগরী জয়পুরে সিরিজ বোমা হামলার জের ধরে রাজস্থানের হিন্দু ডানপন্থী সরকার ৩০ দিনের মধ্যে জয়পুরে 'অবৈধভাবে বসবাসকারী' কথিত বাংলাদেশীদের বহিষ্কার সিদ্ধান্ত নিয়েছে।
ওই বোমা হামলার ঘটনায় ক্রমশই বেশি করে ইসলামী জঙ্গি দল হরকাতুল জিহাদ আল ইসলামীকে (হুজি) দায়ী করছেন ভারতীয় কর্মকর্তারা।
রাজস্থানের সংসদীয় বিষয়ক মন্ত্রী রাজেন্দ্র সিং রাঠোর শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, তার সরকার রাজ্যে কত সংখ্যক বাংলাদেশী শ্রমিক আছে
তা বের করবে এবং তারপর তাদের বহিষ্কার করবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক আশীষ কে মিত্র বহিষ্কারের এই ধারণাকে সমর্থন করেছেন। এ ব্যাপারে বাংলাদেশের "স্থায়ী প্রত্যাখানের পরিস্থিতি"র সমালোচনা করেছেন।
ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সিএনএন- আইবিএন বার্তা সংস্থার চিফ ন্যাশনাল করেসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী বিডিনিউজকে এখবর জানান।
আশীষ মিত্র ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ফেরার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " অবৈধ বাংলাদেশীদের বহিষ্কারের জন্য আমাদের একটি সহজ উপায় খুঁজতে হবে। বাংলাদেশে স্থানান্তরের বর্তমান প্রক্রিয়া খুবই দীর্ঘ। আমরা যে সব ঘটনা বাংলাদেশ কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করি তা বেশির ভাগ ক্ষেত্রেই প্রত্যাখ্যাত হয়।"
এদিকে অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব শেখ আবদুর রশিদ তাৎক্ষণিকভাবে বলেছেন, "৩০ দিনের মধ্যে বহিষ্কারের ওই ঘোষণার ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। জানতে পারলে অফিসিয়ালি পর্যালোচনা করা হবে।"
হুজির সংশ্লিষ্টতার ব্যাপারেও "কোনো তথ্য নেই" বলে মন্তব্য করেন সচিব।
গত মঙ্গলবার জয়পুরে বোমা হামলায় ৬১ জন নিহত ও ২১৬ জন আহত হয়। একটি জনাকীর্ণ বাজার এলাকায় সাইকেলের সঙ্গে বেঁধে রাখা আটটি বোমা ফাটিয়ে এই হামলা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এএইচডি-ইএইচবি/কিউএইচ/এসকে/২১২২ঘ.
bdnews24