ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের ছোট ভাই পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কাজী শরিফুল ইসলাম রহমান ওরফে রাজীব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
নূর মোহাম্মদের ছোট ভাই পরিচয়ে রাজীব একটি দল গড়ে তুলে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও প্রতারণা চালিয়ে আসছিল বলে র্যাব দাবি করেছে।
র্যাব-৩ এর উপ-পরিচালক শহীদুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বুধবার সন্ধ্যায় পলওয়েল সুপার মার্কেট এলাকা থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
শহীদুল হক জানান, আইজিপি নূর মোহাম্মদের ছোট ভাই তারেক প্রায় ৬ মাস ধরে বিদেশে রয়েছেন। এই সুযোগে তারেকের পরিচিত ও সমবয়সী রাজীব নিজেকে তারেক পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলে। ওই চক্রের আরেক সদস্য, মেজর পরিচয়দানকারী সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সৈনিককে গ্রেপ্তারের জন্যও অভিযান চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১৫২ ঘ.
bdnews24