ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট উইলফ্রিড জে উইলকিনসন পাঁচ দিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসছেন।
তিনি রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করবেন। এছাড়া রোটারি ইন্টারন্যাশনালের বাস্তবায়নাধীন কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন তিনি।
উইলফ্রিড জে উইলকিনসন একজন অবসরপ্রাপ্ত চাটার্ড অ্যাকাউটেন্ট। তিনি কানাডার উইলকিনসন্স অ্যান্ড কোম্পানির প্রতিষ্টাতা অংশীদার। রয়েল কানাডা মিলিটারি ইন্সটিটিউটের সদস্যও তিনি। ১৯৬২ সালে তিনি রোটারি ক্লাবের সদস্য হন। মানব সেবায় অবদানের জন্য কানাডার গভর্নর জেনারেল ২০০৭ সালে উইলকিনসনকে 'মেম্বার অফ দি অর্ডার অব কানাডা' সম্মানে ভূষিত করে যা দেশটির বেসামরিক নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মান।
রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের একটি স্বেচ্ছাশ্রমভিত্তিক সংগঠন। মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এ সংগঠন।
১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাবিশ্বে ৩৩ হাজার রোটারি ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ১২ লাখ। এর মধ্যে বাংলাদেশের ১৫৫টির বেশি রোটারি ক্লাবের সদস্য সংখ্যা প্রায় চার হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২১৪০ ঘ.
bdnews24