২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক চালু হচ্ছে বৃহস্পতিবার

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বৃহস্পতিবার মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আসছে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পৌর এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায় দুপুর ১২টার দিকে রাঙামাটি থেকে মোবাইল ফোনে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে কথা বলবেন। প্রধান উপদেষ্টা সে সময় দিনাজপুর থাকবেন। এভাবেই পার্বত্য জেলাগুলোতে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনের কার্যক্রম চালু হবে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

মুজিবুর রহমান জানান, টেলিটক ইতোমধ্যে ওই এলাকায় বেস স্টেশন স্থাপন করেছে এবং পরীক্ষামূলক কাজ চালিয়েছে।

গত ১০ মে টেলিটক বান্দরবান ও রাঙামাটি জেলা শহরে পরীক্ষামূলক কার্যক্রম চালায়। ১১ মে পরীক্ষামূলক কার্যক্রম চলে খাগড়াছড়িতে। এই তিন জেলায় দুটি করে বেস স্টেশন স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সবগুলো মোবাইল ফোন কোম্পানিকে একই নেটওয়ার্ক স্থাপনা ব্যবহার করে পার্বত্য জেলাগুলোতে কার্যক্রম চালাতে হবে। অন্য কোম্পানিগুলোও যতো দ্রুত সম্ভব ওই এলাকায় কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।

গ্রামীণ ফোনের পরিচালক (জনসংযোগ) সৈয়দ ইয়ামিন বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "পার্বত্য জেলাগুলোতে আমাদের নেটওয়ার্ক চালুর কাজ চলছে। যতো দ্রুত সম্ভব আমরা কার্যক্রম শুরু করব।"

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মনজুরুল আলম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত ২৭ মার্চ প্রধান উপদেষ্টা ৩ পার্বত্য জেলার পৌর এলাকায় মোবাইল ফোন চালুর ঘোষণা দেন। এরপর বিটিআরসি গত ৫ মে আনুষ্ঠানিকভাবে মোবাইল ও পিএসটিএন অপারেটরদের কাজ শুরুর অনুমতি দেয়।