২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্কাটনে র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (সরঞ্জাম) উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা সরঞ্জামের দাম প্রায় দুই কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (সরঞ্জাম) উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা সরঞ্জামের দাম প্রায় দুই কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট জারওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুর তিনটার দিকে ৫২/৪ নিউ ইস্কাটনের পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব সদস্যরা সেখানে অবৈধ ভিওআইপি সেটআপ চালু অবস্থায় দেখতে পান। সেখান থেকে বেশ কিছু টেলুলার, কম্পিউটার এবং একটেল ও বাংলালিংক কোম্পানির বিপুল পরিমাণ সিমকার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে জড়িত অভিযোগে বাড়ির মালিক কাজী গোলাম রসুলকে আটক করা হয়েছে। র‌্যাবের কাছে কাজী গোলাম রসুল দাবী করেছেন, রাজীব নামে এক ব্যাক্তি দুই বছর আগে ফ্ল্যাটটি তার কাছ থেকে ভাড়া নেয়। তবে তিনি বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তিপত্র দেখাতে পারলেও রাজীবের ফ্ল্যাটটির কোন চুক্তিপত্র দেখাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/কিউএইচ/এমএ/২০০০ ঘ.