ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় পলাতক ছয় আসামিকে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক।
বুধবার তিনি এ আদেশ দেন। এদিন আদালতে পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি সংক্রান্ত তথ্য উপস্থাপনের দিন ধার্য ছিল।
আদালতে পুলিশের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, পলাতক ছয় আসামিকে তাদের বাড়িতে পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে বিচারক পলাতক আসামিদের আগামী ২১ মে'র মধ্যে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।
কারাগারে থাকা এ মামলার তিন আসামি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম এবং সাবেক সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও ২১ মে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার এ তিনজনকে আদালতে হাজির করা হয়নি।
তৌফিক-ই-ইলাহী এ মামলায় জামিনে থাকলেও অন্য একটি অভিযোগে কারাগারে রয়েছেন।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক এম এম শাব্বির হাসান গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
ওইদিন একই থানায় একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধেও একটি মামলা করে কমিশন।
গত ৭ মে হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৩০৪ ঘ.
bdnews24