ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক আখ্যায়িত করে একে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।
বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "যুক্তরাজ্য এ ভাষণকে স্বাগত জানাচ্ছে। ভাষণের মধ্য দিয়ে এটা প্রতিভাত হয়েছে, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হচ্ছে। জরুরি অবস্থা তুলে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতিরও প্রকাশ হয়েছে এতে।"
"প্রধান উপদেষ্টার ভাষণে ইতিবাচক অনেক কিছুই রয়েছে", মন্তব্য করেন যুক্তরাজ্যের বিদায়ী হাই কমিশনার।
তিনি বলেন, "নির্বাচন নিয়ে জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে ওই ভাষণে।"
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আশা প্রকাশ করেন আনোয়ার চৌধুরী।
মঙ্গলবার শাহবাগে ভোটার নিবন্ধন এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য তথ্য সম্বলিত একটি ইলেকট্রনিক বিলবোর্ড উদ্বোধন করেন আনোয়ার চৌধুরী। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা 'ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট' (ডিএফআইডি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর অর্থায়নে ইলেকট্রনিক বিলবোর্ডটি স্থাপিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24