ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার কোনো 'প্রহসনের নির্বাচন' করবে না। নির্ভুল ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না। এসব মন্তব্য করেছেন যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের।
জরুরি অবস্থা বহাল রেখে নির্বাচন হতে পারে এ ধারণার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তার জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম কাদের বলেন, "আমরা ২০০৮ সালে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই যা নিয়ে কোনো প্রশ্ন হবে না। যেখানে সবার অংশগ্রহণ থাকবে। আমাদের (সরকার) মতো রাজনৈতিক দলগুলোও তা চায়।"
তিনি বলেন, "আমরা চাই একটি সৎ সমাজ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমাদের যে দুর্নাম রয়েছে তা ঘোচাতে হবে। এজন্য ভাষণে আগামী নির্বাচনে নতুন নেতৃত্বের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তবে পুরনো নেতৃত্বের মধ্যে যারা সৎ রয়েছেন, যারা প্রশ্নবিদ্ধ নন, নতুনদের সঙ্গে তারাও আসতে পারবেন।"
প্রধান উপদেষ্টার ভাষণে সংলাপের মাধ্যমে জাতীয় সনদ প্রণয়ন প্রসঙ্গে গোলাম কাদের বলেন, "জাতীয় সনদের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্যাখ্যা করা হবে। তবে এ প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কোনো ঐক্য না হয়, সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কাউকে চাপিয়ে দেওয়া হবে না।"
জরুরি অবস্থা বহাল রেখে আগামী জাতীয় নির্বাচন করা সম্পর্কে তিনি বলেন, "প্রয়োজনে জরুরি অবস্থা শিথিল অথবা রহিত করা হতে পারে। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি সময়ের ওপর নির্ভর করবে।"
প্রধান উপদেষ্টার ভাষণে দু'নেত্রীর মুক্তির বিষয় উল্লেখ না থাকায় সংলাপের ভবিষ্যত নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে সে ব্যাপারে উপদেষ্টা বলেন, "দুই নেত্রীর মুক্তির বিষয়ে কোনো উল্লেখ না থকলেও তা সংলাপে প্রভাব ফেলবে না। আমরা সংলাপের সাফল্য নিয়ে আশাবাদী। রাজনৈতিক দলগুলোও চায় সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হোক।"
ভাষণে দ্রব্যমূল্য সম্পর্কে কোনো বক্তব্য না থাকার ব্যাপারে তিনি বলেন, "দ্রব্যমূল্য নিয়ে বলার কি আছে? এটা তো কমানো যাবে না। এটা হচ্ছে বাস্তবতা। তবে প্রধান উপদেষ্টার ভাষণে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন হয়েছে বলে আমি মনে করি।"
ভাষণ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার ব্যাপারে গোলাম কাদের বলেন, "রাজনৈতিক দলগুলোর নেতারা অনেক কিছুই বলতে পারেন, কারণ তারা আমাদের চেয়ে বেশি প্রজ্ঞাবান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৫১২ঘ.
bdnews24