ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ নৌবাহিনী চীনের কারিগরি সহায়তায় আধুনিকীকরণের মাধ্যমে সি-৮০২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
সোমবার বঙ্গোপসাগরের গভীরে নৌবাহিনীর জাহাজ বিএনএস ওসমান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১২০ কিলোমিটার। বাংলাদেশ নৌবাহিনী প্রথম বারের মতো এই ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১২০ কিলোমিটার দুরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম জাহাজ থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম। তিনি এই সাফল্যকে সশস্ত্র বাহিনীর জন্য একটি মাইল ফলক অভিহিত করেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীসহ কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা কমডোর এইচ আর ভুঁইয়া, কমডোর সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ড কমডোর জসীম উদ্দিন ভুঁইয়া, গণচীনের প্রতিরক্ষা উপদেষ্টা সিনিয়র কর্নেল জ্যু ডিউসহ অনেকে উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/০০৫৫ ঘ.
bdnews24