২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সীমানা নিয়ে আপত্তি জমা পড়ছে ইসিতে

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়তে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়তে শুরু করেছে। আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির দুই নেতা সোমবার সিইসির সঙ্গে দেখা করে নতুন নির্ধারিত সীমানার বিষয়ে আপত্তি জানিয়েছেন। রোববার আপত্তি জানিয়েছেন জাতীয় পার্টির দুই নেতা। এদিকে সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ জানাতে হাইকোর্ট সোমবারই নির্বাচন কমিশন (ইসি) ও সরকারকে আদেশ দিয়েছে। ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের সাবেক বিএনপি সাংসদ আবদুল মান্নানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সকালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করে গাজীপুর-৩ (পুরনো) আসনের বিষয়ে তার আপত্তির কথা জানান। লিখিত আবেদনে তিনি বলেন, নতুন প্রস্তাবে গাজীপুর-৩ আসন বিলুপ্ত হয়ে গেছে। যা পুনর্বিবেচনা করা প্রয়োজন। সিইসির সঙ্গে দেখা করার পর আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, "নীতিমালা ভঙ্গ করে ইসি সীমানা পুনর্নির্ধারণ করেছে। এ কারণে গাজীপুর-৩ আসন বিলুপ্ত হয়েছে।" তার দল আওয়ামী লীগ সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি পর্যবেক্ষণ করছে জানিয়ে আখতারুজ্জামান বলেন, "সীমানা পুনর্নির্ধারণের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায়দায়িত্ব ইসিকেই নিতে হবে।" বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সকাল সাড়ে ১১টায় সিইসির সঙ্গে দেখা করেন। তিনি সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের পুরো প্রক্রিয়াটি স্থগিত রাখার আহ্বান জানান। মেনন সাংবাদিকদের বলেন, "জাতীয় নির্বাচন নিয়েই জনমনে সংশয় রয়েছে। এ অবস্থায় নির্বাচনের আগে বিতর্কিত কাজ না করাই ভালো। দরকার হলে নির্বাচনের পরেও সীমানা পুনর্নির্ধারণের কাজ করা যাবে। এ বিষয়টিই ইসিকে জানিয়েছি।" এর আগে রোববার জাতীয় পার্টির রওশন এরশাদ ও রুহুল আমিন হাওলাদার ময়মনসিংহ ও পটুয়াখালীতে নিজেদের নির্বাচনী এলাকার নতুন সীমানার বিষয়ে তাদের আপত্তি লিখিতভাবে জানিয়েছেন। গত ২৯ এপ্রিল ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৩৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়। ১৩৩ আসনের নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসে দেখা যায়, ছোটখাটো পরিবর্তন হয়েছে ৩২টি আসনে, একাধিক এলাকার সমন্বয়ে পুনর্নির্ধারিত আসনের সংখ্যা ৩৯টি এবং পুনর্গঠন করা হয়েছে ২০টি আসন এবং অন্যান্য পরিবর্তন হয়েছে ৪২টি আসনে। খসড়া গেজেট প্রকাশের সময় নির্বাচন কমিশন এ বিষয়ে আপত্তি থাকলে তা জানানোর জন্য ১ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। সিইসি জানান, ২৫ জুনের মধ্যে আপত্তি মীমাংসা করে ৩০ জুনের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৩৫ ঘ.