ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না আগামী ১৮ মে সে ব্যাপারে আদেশ দেবে আদালত।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক ফিরোজ আলম সোমবার এ তারিখ ধার্য করেন।
এ মামলা থেকে অব্যাহতি চেয়ে সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীর করা আবেদনের ওপর শুনানি সোমবার শেষ হয়েছে। এর আগে শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি গত ৩০ এপ্রিল শেষ হয়।
সকাল ৯টা ৫০ মিনিটে শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টার দিকে বিচারক দেড় ঘণ্টার জন্য শুনানি মুলতবি করেন। পরে বেলা আড়াইটায় আবার শুনানি শুরু হয়।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে ঠিকাদারী সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
মামলার বাকি আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিজ খান, পরিচালক মোহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
এদিকে আইনে নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ায় এ মামলার কার্যক্রম কেন অবৈধ হবে না, সোমবার তা জানতে চেয়েছে হাইকোর্ট।
শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশে ওই মামলার কার্যক্রম সম্পন্ন না করায় সরকার, দুর্নীতি দমন কমিশন ও ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতকে আগামী আট দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে হাইকোর্ট নিম্ন আদালতের মামলার বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়নি।
যৌথবাহিনী ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/আরএ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24