২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের ঋণ দুর্নীতি মামলার রায় আবার পেছালো

সৌদি আরবে থাকায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শিল্প ব্যাংকের ঋণ মওকুফ দুর্নীতি মামলায় রায় দ্বিতীয় বারের পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে থাকায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শিল্প ব্যাংকের ঋণ মওকুফ দুর্নীতি মামলায় রায় দ্বিতীয় বারের পিছিয়ে গেছে। সোমবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার আগামী ২২ মে রায়ের নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ৩০ এপ্রিল মামলার রায় ঘোষণার দিন বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার অসুস্থ হয়ে ছুটিতে যাওয়ায় এরশাদসহ ছয়জনের বিরুদ্ধে শিল্প ব্যাংকের ঋণ মওকুফ দুর্নীতি মামলায় রায় প্রথমবারের মতো পিছিয়ে যায়। ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের পেশকার মো. রফিকুল ইসলাম তখন বিচারকের অনুমতি সাপেক্ষে ১২ মে রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন। এর আগে গত ২২ এপ্রিল এ মামলাটির যুক্তিতর্ক গ্রহণ শেষে বিচারক ৩০ এপ্রিল রায়ের তারিখ ধার্য করেন। সোমবার এরশাদের আইনজীবী পরিমল চন্দ্র বিশ্বাস, শেখ মো. সিরাজুল ইসলাম আদালতকে জানান, এরশাদ সৌদি আরব গেছেন। শিগগির তিনি দেশে ফিরবেন। তারা মামলা রায়ের জন্য পরবর্তী তারিখ চান। বিচারক তখন ২২ মে রায়ের জন্য পুনরায় তারিখ ধার্য করেন। 'থ্রি স্টার পোলট্রি ফার্ম' এর মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলীর নামে নেওয়া শিল্প ব্যাংকের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফের অভিযোগে ১৯৯১ সালের ২২ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো এরশাদ, এ কে এম মোশাররফ হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি করে। মামলার অন্য আসামিরা হলেন- থ্রি স্টার পোলট্রি ফার্মের মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলী, জাহাঙ্গীরের ভাই সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা ফিরোজ কবির এবং বোরহান উদ্দিন। রায়ের নতুন তারিখ ধার্যের সময় মামলার অন্যতম আসামী সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও তৎকালীন শিল্প ব্যাংকের চেয়ারম্যান এ কে এম মোশারফ হোসেনকে সোমবার কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়নি। তবে জামিনে থাকা আসামি ফিরোজ কবির ও বোরহান উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। আসামি জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলী পলাতক রয়েছেন। মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ১৯৯১ সালের ৬ নভেম্বর। পরের বছরের ৮ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৫৪০ ঘ.