চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডর দুর্গতদের জন্য পাকিস্তান সরকারের দেওয়া চাল খাওয়ার অনুপযোগী দেখিয়ে বিনষ্টের ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।
রোববার তদন্ত কমিটির প্রধান বিগ্রেডিয়ার জেনারেল হাসান নাছির সাংবাদিকদের জানান, কমিটি আজ (রোববার) থেকে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে কমিটিকে তাদের বক্তব্য জানানোর জন্য বলা হবে। চাল বিনষ্টের প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবার বক্তব্য নিয়ে কমিটি শিগগির তদন্ত প্রতিবেদন জমা দেবে।
তিনি জানান, এ পর্যন্ত ২৩ কন্টেইনারের ৪১২ টন চালের মধ্যে ৩৫৬ টন চাল ভাল পাওয়া গেছে। ভাল চাল নতুন করে বস্তাজাত করে পৃথক করে রাখা হচ্ছে। সরকার সিদ্ধান্ত দিলে এগুলো বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পচা চাল শুল্ক বিভাগের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে পশু খাদ্য হিসাবে।
গত ২৫ এপ্রিল চট্টগ্রাম হালিশহর সমুদ্র উপকূলে সিটি কর্পোরেশনের ডাম্পিং এলাকায় গর্তের পানিতে ফেলে দেওয়া চাল সংগ্রহের জন্য স্থানীয় লোকজন ভিড় করে। অনেকে পানি থেকে তুলে সে চাল নিয়ে যায়। পরে যৌথবাহিনীর হস্তক্ষেপে চাল বিনষ্টের প্রক্রিয়া বন্ধ রাখা হয়।
তবে যৌথবাহিনীর হস্তক্ষেপের আগে দুই কন্টেইনারের প্রায় ৪০ টনের মত চাল ফেলে দেওয়া হয়। বাকী চাল হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারে বাছাই করা হচ্ছে। পাকিস্তান থেকে আসা ১১০ কনটেইনার চালের মধ্যে ভেজা ও দুর্গন্ধ থাকায় ২৫ কনটেইনার চাল গ্রহণ করেনি খাদ্য বিভাগ।
চাল বিনষ্টের বিষয়টি তদন্তের জন্য গুরুতর অপরাধ দমন জাতীয় কমিটি গত ৬ মে চট্টগ্রাম টাস্কফোর্সের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল হাসান নাছিরকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটিতে টাস্কফোর্স ও গোয়েন্দা সংস্থার চার কর্মকর্তাসহ খাদ্য মন্ত্রণালয়, শুল্ক বিভাগ, বিএসটিআই, জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি আছেন। ৩১ মে'র মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
কমিটির প্রধান হাসান নাছির বলেন, "সাহায্য হিসাবে পাওয়া এসব চাল ঠিকমত পরীক্ষা না করেই কিভাবে পচা ও খাওয়ার অনুপযোগী বলে বিনষ্টের সিদ্ধান্ত নেওয়া ও প্রক্রিয়া শুরু করা হলো তা কমিটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করবে কমিটি।"
তিনি জানান, ডিসেম্বর মাসে খাদ্য সাহায্য হিসাবে আসা এসব চাল চার মাস পরে কোন অবস্থায় ফেলে দেওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখবে কমিটি।
চট্টগ্রাম টাস্কফোর্স প্রধান জানান, সিডর দুর্গতদের জন্য ত্রাণ সাহায্য হিসাবে পাকিস্তান প্রায় ২২ শ' টন চাল দিয়েছিল। তিনটি চালানে গত বছরের ১৮ ও ২৮ ডিসেম্বর এবং চলতি বছরের ১১ জানুয়ারি এসব চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এর মধ্যে ভেজা ও দুর্গন্ধ থাকায় ২৫ কনটেইনার চাল গ্রহণ করেনি খাদ্য বিভাগ। ৮৫ কন্টেইনারের প্রায় ১৭'শ টন চাল ভালো থাকায় তা সিডর আক্রান্ত এলাকায় ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
তিনি বলেন, চার মাস আগে প্রথম দফায় যখন খাদ্য বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ২৫ কনটেইনার চাল ভেজা থাকায় তা খাওয়ার অনুপযোগী বলে ঘোষণা করেন তখন ব্যবস্থা নিলে আরও ভালো চাল পাওয়া যেত।
খাওয়ার অনুপযোগী বলে ঘোষণা করা চালের মধ্যে বন্দরে আরও সাত কন্টেইনার চাল পড়ে আছে। যৌথবাহিনী থেকে বারবার তাগাদা দেওয়ার পরও সেগুলো হস্তান্তর করতে বিলম্ব করা হচ্ছে বলে হাসান নাছির জানান।
তিনি আরও জানান, বর্তমানে বন্দরে নষ্ট ঘোষিত ৪০ কন্টেইনার ভোগ্যপণ্য পড়ে আছে। এগুলো কায়িক পরীক্ষা ছাড়া যাতে ধ্বংস করা না হয় যৌথবাহিনী সে উদ্যোগ গ্রহণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24