ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার সন্ধ্যায় এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন মনোয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ। তার হাত ও বুকের কিছু অংশ ঝলসে গেছে।
মনোয়ারার স্বামী ইয়ারু হোসেনের অভিযোগ, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্বজনরাই এ ঘটনা ঘটিয়েছে। আহত মনোয়ারাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইয়ারু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সন্ধ্যায় মনোয়ারা বেগম তাদের গোলপবাগের বাসার বারান্দায় বসে ছিলেন। এ সময় মনোয়ারার এক আত্মীয় তার দিকে এসিড ছুড়ে মারে। এতে তার হাত ও বুকের কিছু অংশ ঝলসে যায়।"
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩৫০ ঘ.
bdnews24