ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার একটি বৈদ্যুতিক বাতি তৈরির কারখানায় শুক্রবার আগুন লেগে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
কেমি ইলেক্ট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানার গ্যাস সঞ্চালন সংযোগ ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক অজিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে আলী লেকী দেউড়ী সড়কের ওই কারখানায় আগুন লাগে। কারখানার গ্যাস সঞ্চালন সংযোগ ফেটে গিয়ে আগুনের সূত্রপাত হয়।"
দমকলের সহকারী কর্মকর্তা (এসও) সেলিনা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর সহায়তায় দমকলের ৯টি ইউনিট সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কেমি ইলেক্ট্রিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিক এস এম জাবেদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/১৭৩৪ ঘ.
bdnews24