মাহবুবুর রশিদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি,
নড়াইল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময়ের প্রমত্তা মধুমতি ও নবগঙ্গা নদীর বুকে এখন ধূ ধূ বালুচর। এসব চরে ফসলের আবাদ দেখে নদী বলে চেনাই কষ্টকর। আবার বর্ষা মৌসুম এলেই দেখা মিলে ভিন্ন চিত্রের। উপচে পড়া পানিতে ভেসে নদী দুটির তীরের বিশাল এলাকা। স্থানীয়রা বলছেন, ড্রেজিং না করায় পলি জমে নদী দুটি মরে যাচ্ছে। এদের রক্ষা করতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। তবে নদীতে ড্রেজিং করার কোনও পরিকল্পনা নেই পানি উন্নয়ন বোর্ডের।
পর্যাপ্ত পানি না থাকায় মধুমতি ও নবগঙ্গা নদীর ধারা সংকীর্ণ হয়ে এখন খালের চেয়েও ছোট। আটটি রুটে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষের পণ্য পরিবহন ব্যয় গেছে বেড়ে।
সরেজমিনে দেখা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার অংশে মধুমতি নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকায় ছোট-বড় অসংখ্য চর জেগে ওঠায় নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ নদীতে জোয়ারের সময় ছোট ছোট নৌকা-ট্রলার চলাচল করলেও ভাটার সময় চলাচল বন্ধ থাকে।
মধুমতি নদীর লোহাগড়া অঞ্চলের বকজুড়ি, কাতলাসুর, চর-আড়িয়ারা, ইছাখালি, ধানাইড়, কালনা, মঙ্গলহাটা, ইতনা, শুকতাইল, বরফা, বড়দিয়া এবং কালিয়ার জয়নগর, যোগানিয়া এলাকায় জেগে ওঠা অসংখ্য ছোট-বড় চরে চলছে চাষাবাদ। অপরদিকে নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায়ও জেগে ওঠা চরে কৃষকরা ইরি-বোরো ধানের আবাদ করছে।
স্থানীয়রা জানায়, এক সময় নদী দুটিতে নৌকা থেকে শুরু করে জাহাজও চলতো। নদী পথে ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য ব্রিটিশরা নড়াইলের বড়দিয়াকে নৌ-বন্দর হিসেবে গড়ে তুলেছিল। জাল ফেললেই পাওয়া যেত বড় বড় মাছ।
মধুমতী ও নবগঙ্গা নদী পদ্মা নদীর নির্ভরশীল। পদ্মার অন্যতম শাখা গড়াই নদী ফরিদপুর জেলার বোয়ালমারী হয়ে মধুমতি নাম ধারণ করে নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবেশ করেছে। মধুমতি নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার প্রায় ৪০ কিলোমিটার এলাকার ওপর দিয়ে প্রবাহিত হয়ে দুটি ধারায় ভাগ হয়ে খুলনায় এবং বরিশাল জেলায় প্রবেশ করেছে। অপরদিকে পদ্মার আরেকটি শাখা নবগঙ্গা কুষ্টিয়া জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে নড়াইল জেলার কালিয়া উপজেলা ও খুলনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
নদীতে চর জাগায় নড়াইল-খুলনা, নড়াইল-মাগুরা, খুলনা-গোপালগঞ্জ, খুলনা-টেকেরহাট, খুলনা-বড়দিয়াসহ আটটি রুটে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এ অঞ্চলের মানুষের বিশাল অংশের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেছে। আর এর প্রভাব গিয়েপড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। তাদের অনেকে বেকার হয়ে পড়েছে। আবার চরের কারণে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে নদীর পানিতে প্লাবিত হয় তীরাঞ্চল। এভাবে প্রতি বছরই হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয় বলে স্থানীয়রা জানান।
শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় নদী ভিত্তিক সেচ প্রকল্পগুলো ভেঙে পড়েছে। কৃষকরা সেচ কাজের জন্য এ এলাকায় গভীর নলকূপ বসিয়েছে। কিন্তু পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় মাঝে মধ্যে এ সেচ ব্যবস্থাও অচল হয়ে পড়ে।
নড়াইলের কালিয়া উপজেলার নওয়াগ্রামের হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই নবগঙ্গা নদীতি আগে বড় জাহাজ-ইস্টিমার চলতো। আজকে নদীতে চর পইড়ে এমন অবস্থা হইছে যে, জাহাজ চলাতো দূরির কথা, শুকনোর সময় কোনো কোনো জায়গায় নৌকা চলতিও কষ্ট হয়। আবার বর্ষার সময় এই নদীর থাহে অন্য রূপ। প্রায় প্রত্যেক বছরই এই নোয়াগ্রামের বাঁধটি ভাঙ্গে আমাগের জমির ফসল তলায় যায়।"
এই এলাকার মো. রবিউল ইসলাম জানান, প্রত্যেক বছর এই নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ব্যাপক এলাকা। মানুষজন তাদের ঘরবাড়ি, জমিজমা হারিয়ে পথের ফকির হয়ে যাচ্ছে। কিন্তু ভাঙন রোধে সরকার তেমন কোনও ব্যবস্থা নেয়নি।
তিনি নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য ড্রেজিং এবং ভাঙন কবলিত এলাকা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে নদী দুটিতে ড্রেজিংয়ের কোনও পরিকল্পনা বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের নেই বলে জানিয়েছেন বোর্ডের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. দেলাওয়ার হোসেন।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী দুটিতে ড্রেজিংয়ের কোনও পরিকল্পনা আপাতত নেই। তবে নওয়াগ্রাম বেড়িবাঁধটি নতুন ভাবে নির্মাণের কাজ অচিরেই শুরু হবে।"
নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাতা সংস্থার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৫০৫ ঘ.
bdnews24