২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি দ্রুত কার্যকর করতে চায় সরকার

দ্রুত কার্যকর করা হচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডেসা) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত কার্যকর করা হচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডেসা) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিপিডিসি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল নিয়োগের জন্য সাবেক সচিব খাজা গোলাম আহমেদকে প্রধান করে কমিটি করা হয়েছে। আশা করছি দ্রুত ডিপিডিসিকে কার্যকর করা যাবে।" ডিপিডিসি কার্যকর হলে রাজধানীতে গ্রাহক সেবার মান বাড়বে বলে দাবি করেন তিনি। মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, ডিপিডিসি কার্যকর হওয়ার পর ডেসার আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণের কাজ করবে সংস্থাটি। ডেসার অনেক এলাকার ট্রান্সফরমার ও বিতরণ লাইনে ত্র"টি রয়েছে। এ কারণে প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না। ডিপিডিসি কার্যকর হলেই অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। কর্মকর্তারা আরো জানান, বিতরণ লাইনসহ অন্যান্য সম্পদ ডিপিডিসিতে স্থানান্তরের জন্য ডেসাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ডেসার কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে না। ডিপিডিসিতে নিয়োগের জন্য মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিতদের অগ্রাধিকার দেওয়া হবে। এতে ডেসার অনেকেই ডিপিডিসিতে চাকরির সুযোগ পাবেন। যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদের অন্য চাকরি ও আর্থিক সুবিধা দেওয়া হবে। ২০০৫ সালের ডিসেম্বর মাসে দেশের বিদ্যুৎ খাত পুনর্গঠনের প্রক্রিয়া হিসাবে ডিপিডিসি গঠন করা হয়। তবে বিদ্যুৎ বিভাগ; বিশেষ করে ডেসার সিবিএর প্রতিবাদের মুখে দীর্ঘ সময়ে এটি কার্যকর হয়নি। এ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক, জেনারেল ম্যানেজার ও পরিচালকসহ শীর্ষ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ডিপিডিসির জনবল কাঠামো এখনও তৈরি করা হয়নি। ডিপিডিসির বোর্ডের সিদ্ধান্ত অনুসারে জনবল নির্ধারণ করবে মন্ত্রণালয়। ১৯৯০ সালে রাজধানীতে বিদ্যুৎ বিতরণের জন্য ডেসা অধ্যাদেশ জারি করা হয়। পরের বছরের ১ অক্টোবর থেকে সংস্থাটি কাজ শুরু করে। প্রথম দিকে ডেসা বৃহত্তর ঢাকায় বিদ্যুৎ বিতরণের কাজ শুরু করলেও পরে ডেসকো গঠন ও কিছু এলাকা পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের পর বর্তমানে সংস্থটি ঢাকা দক্ষিণাংশ, তেজগাঁও, শ্যামলী, ধানমণ্ডি ও নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎ বিতরণ করছে। এর গ্রাহক সংখ্যা প্রায় ছয় লাখ। ডেসার বর্তমান জনবল তিন হাজারের বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/১৯৪৮ ঘ.