ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা বাতিলের সরকারের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি পৌরসভাটি বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আদেশ জারি করেছে আদালত।
মুকসুদপুর পৌরসভার বাসিন্দা হায়দার রহমানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।
গত ১৯ ফেব্র"য়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মুকসুদপুর পৌরসভা বাতিলের সিদ্ধান্ত নেয়।
রিট আবেদনে বলা হয়েছে, ২০০০ সালের ২৫ নভেম্বর মুকসুদপুর পৌরসভা গঠিত হয়। তারপর থেকে পৌরসভার অধীনে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। পৌরসভা অধ্যাদেশ ও বিধিমালা লঙ্ঘন করে সরকার পৌরসভাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
রিটকারীপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শামসুল হক কাঞ্চন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৫৬ ঘ.
bdnews24