ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। রোববার সংশোধিত বিটিটিবি অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "১৯৭৯ সালের বিটিটিবি অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার মাধ্যমে বিটিটিবিকে পাবলিক লিডিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি বলেন, "উপদেষ্টা পরিষদ গত ২ মার্চ বিটিটিবিকে পিএলসিতে রূপান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছিল। এরপর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিং (মতামত) এর জন্য পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, ১৯৭৯ সালের অধ্যাদেশ সংশোধন করেই বিটিটিবিকে পিএলসিতে রূপান্তর করা সম্ভব।"
ফাহিম মুনেম বলেন, "এ অধ্যাদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিটিটিবির যাবতীয় সম্পদ একটি পাবলিক লিমিটেড কোম্পানির অধীনে চলে যাবে। আর বিটিটিবি বিলুপ্ত হবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা পিএলসিতে ন্যস্ত হবেন। এক্ষেত্রে কেউ ন্যস্ত হতে না চাইলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ থাকবে।"
বিটিটিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটিতে নির্ধারিত পদের সংখ্যা ১৯ হাজার ৪০৪। এর মধ্যে ১১ হাজার ২০৪ পদে জনবল নিয়োজিত আছে।
জার্মান প্রতিষ্ঠান ডেটকন বিটিটিবির সম্পদ ও আর্থিক দায়-দেনার পরিমাণ নির্ধারণ করছে।
১৮৫৩ সালে বৃটিশ ভারতের ডাক ও তার বিভাগের আওতায় টেলিগ্রাফ শাখার সৃষ্টি হয়। ১৮৮৫ সালে প্রণীত হয় টেলিগ্রাফ আইন। ১৯৬২ সালে টেলিগ্রাফ শাখা পুর্নগঠন করে পাকিস্তান টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে একটি স্বতন্ত্র সরকারি বিভাগ চালু করা হয়।
স্বাধীনতার পর ১৯৭১ সালে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগ গঠিত হয়। ১৯৭৫ সালে টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড অধ্যাদেশ জারির মাধ্যমে এই বিভাগ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৭৯ সালে গঠিত হয় 'বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড'।
১৯৯৮ সালের টেলিযোগাযোগ নীতিমালায় দুই পর্যায়ে বিটিটিবির পুর্নগঠনের কথা বলা হয়। প্রথম পর্যায়ে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে দ্বিতীয় পর্যায়ে বেসরকারিকরণের কথা বলা হয়।
উপদেষ্টা পরিষদের রোববারের সিদ্ধান্তের মাধ্যমে ওই নীতিমালার প্রথম পর্যায়ের কাজ শুরু হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমআরএফ/জেকে/এসকে/১৯৪০ঘ.
bdnews24