ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ১১ মে পর্যন্ত মুলতবি করেছে আদালত।
রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার মামলার শুনানি মুলতবি করেন।
মামলার অন্যতম আসামী সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় শুনানি মুলতবি করে আদালত।
এর আগে মোস্তাফিজুর রহমানের আইনজীবীরা এক মাসের জন্য শুনানি মুলতবির আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে অভিযোগ গঠনের শুনানি শুরু করতে বলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন,"আসামী অসুস্থ থাকলেও তার পক্ষের আইনজীবী রয়েছে। আইনজীবীদের উপস্থিতিতেই শুনানি শুরু করা সম্ভব।"
এর জবাবে আসামী পক্ষের একজন আইনজীবী বলেন,"আসামীর উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি করার আইনগত বিধান রয়েছে।"
এরপর বিচারক ১১ মে পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি করেন।
এর আগে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য হাসিনাকে সকাল ৯ টা ৪০ মিনিটে বিশেষ কারাগার থেকে এই এজলাসে নেয়া হয়।
গত ২৭ এপ্রিল মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় এ মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ মে পর্যন্ত মুলতবি করেছিল আদালত।
বিলুপ্ত দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল-জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
শেখ হাসিনা ছাড়া মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী নূর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচডি-ইএইচবি/এফএফ/জিএনএ/১০৫২ ঘ.
bdnews24