মৌলভীবাজার, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনে তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি শেভরন ভূতাত্ত্বিক জরিপ অব্যহত রাখায় বন ও পরিবেশের ক্ষতির আশঙ্কায় শনিবার রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা জুনায়েদ আহমদ চৌধুরী এই ডায়েরি করেন। তিনি অভিযোগ করেছেন, শেভরন কোনো অনুমতি ছাড়াই বন গবেষণা কেন্দ্রের পরীক্ষামূলক বাগানে জরিপের কাজ চালাচ্ছে।
শ্রীমঙ্গল থানার দায়িত্বরত উপ পরিদর্শক নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছি। এর সঙ্গে লাউয়াছড়া সংরক্ষিত বনের একটি মানচিত্র সংযুক্ত রয়েছে।"
জুনায়েদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভূতাত্ত্বিক জরিপের অংশ হিসেবে দু'একদিনের মধ্যে লাউয়াছড়া সংরক্ষিত বনে বিষ্ফোরণ ঘটানো হবে। এতে বন ও পরিবেশের ক্ষতি বা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ জন্য থানায় ডায়েরি করেছি।
এর আগে গত ২৬ এপ্রিল লাউয়াছড়া বনে আগুন লাগার ঘটনায় শ্রীমঙ্গল থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন তিনি।
শনিবার করা সাধারণ ডায়েরিতে জুনায়েদ বলেছেন, "লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের পরীক্ষামূলক বাগানের জমিতে শেভরন বাংলাদেশ এর নিয়োজিত প্রতিষ্ঠান ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের কাজ শুরু করেছে। তারা এ বিষয়ে লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রকে অবহিত করেনি। গবেষণা কেন্দ্রের পরীক্ষামূলক বাগানের ভূমি, অফিস ও আবাসস্থলের আশপাশ এবং খাসিয়া পুঞ্জির ভূমিতে দু'এক দিনের মধ্যে বিষ্ফোরণ ঘটানো শুরু হবে বলে শোনা যাচ্ছে। এতে কোনও দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হতে পারে। এই আশঙ্কা থেকে থানায় সাধারণ ডায়েরি করলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে
bdnews24