২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নার্গিস মোকাবিলায় ছয় জেলা প্রশাসককে প্রস্তুতি নেয়ার নির্দেশ

ঘূর্ণিঝড় নার্গিস মোকাবেলায় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বাগেরহাটের জেলা প্রশাসকদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় নার্গিস মোকাবেলায় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বাগেরহাটের জেলা প্রশাসকদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আবহাওয়া বিশেষজ্ঞদের বৈঠকের পর মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান। সচিব বলেন, "ঘূর্ণিঝড় 'নার্গিস' মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। ওই ছয় জেলার প্রশাসকদের সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।" তিনি বলেন, "স্থানীয় জনসাধারণের জানমাল রক্ষায় রেড ক্রিসেন্টকেও জনসচেতনতামূলক কর্মসূচি নিতে বলা হয়েছে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি।" মোল্লা ওয়াহেদুজ্জামান বলেন, "আবহাওয়াবিদরা বৈঠকে জানিয়েছেন, নার্গিস শুক্রবার দুপুরের পর মিয়ানমারে আঘাত হানতে পারে।" তিনি জানান, ঘূর্ণিঝড় প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামসুল আলম মজুমদার, যুগ্ম সচিব শফিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক কে এম মাসুদ সিদ্দিকী, ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক খলিলুর রহমান সিদ্দিকী, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব, সহকারী পরিচালক সুজিত কুমার দেব শর্মা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/বিআর/জেকে/এমএ/১৮৫০ ঘ.