পাবনা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার নগরবাড়ী-আরিচা রুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
দুপুর ১২টায় প্রায় ২০টি ট্রাক নিয়ে 'কে' টাইপ ফেরি কস্তরি নগরবাড়ী থেকে আরিচার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নগরবাড়ী টার্মিনাল ম্যানেজার মোহাম্মদ আলী জানান, যমুনা সেতুর ওপর চাপ কমাতে সরকার নগরবাড়ীর ভাটিতে ফেরি চলাচলের উদ্যোগ নিয়েছে। এ কারণেই এই রুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
গত বছর বন্যায় পন্টুন ডুবে যাওয়ায় ৩০ জুলাই থেকে নগরবাড়ী-আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৮২০ ঘ.
bdnews24